সঙ্গীত ব্যক্তিত্ব আহমেদ ইমতিয়াজ বুলবুল। তিনি একাধারে গীতিকার, সুরকার এবং সঙ্গীত পরিচালক। ৭০ দশকের শেষ লগ্নে বাংলাদেশ চলচ্চিত্রের গানের সঙ্গে নিজেকে যুক্ত করেন।

সেই থেকে আজ অব্দি প্রায় তিন শতাধিক চলচ্চিত্রে সঙ্গীত পরিচালকের দায়িত্ব পালন করেছেন। তার আরও একটি পরিচয় আছে, তিনি একজন মুক্তিযোদ্ধা। তাই তার মুখের গল্প থেকেই এবার মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছে জাজ মাল্টিমিডিয়া।

দশম শ্রেণীর ছাত্র থাকা অবস্থায় মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। কয়েকজন বন্ধুকে সঙ্গে নিয়ে তখন ছোট একটি দলও গঠন করেন তিনি। যাদের নিয়ে বেশ কয়েকটি অপারেশনেও অংশ নেন। কিন্তু ৭১ এর অক্টোবরে দলবল নিয়ে ভারতে যাওয়ার সময় কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার মাঝামাঝি তন্তর চেকপোস্টের কাছে পাকিস্তানি সেনা ও রাজাকারদের হাতে ধরা পড়েন। সেখানে তাদের তিন ঘণ্টা ধরে পাশবিক নির্যাতন চালায়। পরে তাদের ব্রাহ্মণবাড়িয়া কারাগারে পাঠানো হয়। আহমেদ ইমতিয়াজ বুলবুলের এমন অংখ্য টুকরো টুকরো স্মৃতি নিয়ে জাজ মাল্টিমিডিয়া নির্মাণ করতে যাচ্ছে একটি মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র।

জাজের কর্ণধার আব্দুল আজিজ জানান, দেশের প্রতি দায়বদ্ধতা থেকে জাজ প্রথমবারের মতো একটি মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছে। তবে বিষয়টি দীর্ঘদিন ধরে পরিকল্পনার মধ্যে থাকলেও, ভালো গল্প বা কাহিনীর অভাবে তা সম্ভব হচ্ছিলো না। সম্প্রতি সঙ্গীত ব্যক্তিত্ব ও মুক্তিযোদ্ধা আহমেদ ইমতিয়াজ বুলবুলের মুখে মুক্তিযুদ্ধের ঘটনা শুনে সেটা নিয়ে চলচ্চিত্র নির্মাণের আগ্রহ দেখালে, তিনি জাজকে সম্মতি দেন।

এদিকে জাজ সূত্র জানায়, গল্প পাওয়া গিয়েছে। এবার চিত্রনাট্যের কাজ শুরু হবে। এ জন্য ভালো মানের একজন চিত্রনাট্যকার খুঁজছেন তারা।

এআইজে