বিশিষ্ট নজরুল সংগীতশিল্পী ফিরোজা বেগমের শারীরিক অবস্থা সংকটাপন্ন। শুক্রবার থেকে তিনি রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন । তবে সোমবার সকাল থেকে তার অবস্থার অবনতি ঘটে।
ফিরোজা বেগমের ছেলে হামিন আহমেদ জানান, আগে থেকেই মায়ের কিডনি ফেইলর ছিল। এতদিন ডায়লাইসিস করে ভালই ছিলেন। সঙ্গে জন্ডিস দেখা দিয়েছে। সকাল থেকে হৃদযন্ত্র স্বাভাবিকভাবে কাজ করছে না। এখন প্রধান দুশ্চিন্তার কারণ এটাই।
উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়া প্রসঙ্গে হামিন আহমেদ জানান, এর আগেও মাকে বিদেশে নিয়েছি। সুস্থ হয়ে দেশে ফিরেছেন। গত সপ্তাহেও এই হাসপাতালে তিনি ভর্তি ছিলেন। শরীর একটু ভাল হওয়ায় বাসায় নিয়ে গেছি। যাই হোক আমিতো চাই এখনি মাকে বিদেশে নিয়ে যাই। কিন্তু হৃদযন্ত্রটা স্বাভাবিকভাবে কাজ না করলে যাওয়াটাও অসম্ভব।
অ্যাপোলা হাসপাতালে চিকিৎসাধীন ফিরোজা বেগম ডা. কৃষ্ণ মোহন ও ডা. মজিবুর রহমানের তত্ত্বাবধানে আছেন।
ঢাকা, ৮ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই





