জনপ্রিয় নির্মাতা রেদওয়ান রনির পরিচালনায় আসছে ঈদে একুশে টেলিভিশনে প্রচার হবে মোজোর নিবেদনায় দুই পর্বের ফিকশন ইউটার্ন। সোনিয়া হাসানের গল্পে এবং ইকবাল হাসান চৌধুরীর চিত্রনাট্যে নির্মিত এ ফিকশনে অভিনয় করেছেন মেহজাবিন, তৌসিফ মাহবুব, সাবেরি আলম, সাবিলা নূর, তানজিন তিশা, এলেন শুভ্র, আফনান চৌধুরী, ইমরান আহমেদ, সুমন পাটোয়ারীসহ অনেকে।

নিকেতন, আফতাবনগর, উত্তরা, শেরে বাংলানগর, বঙ্গবন্ধু কনফারেন্স সেন্টারসহ ঢাকার বিভিন্ন লোকেশনে ফিকশনটির দৃশ্যায়ন হয়েছে। মূলত দুরন্ত তারুণ্যের মেট্রোলাইফের ভিন্নধর্মী স্টাইল এবং ট্রেন্ড নিয়ে নির্মাণ হয়েছে নাটকটি।

ইউটার্ন'র গল্পে দেখা যাবে উচ্ছল তারুণ্যের একটি দল, যারা বাইক স্ট্যান্ট করে। নিজেদের আপন ভুবনে তারা শুধু ছুটেই চলে। কোন এক অঘটন তাদের জীবনকে করে দেয় এলোমেলো। এলোমেলো জীবন থেকে ফিরে আসাই এক সময় চ্যালেঞ্জ হয়ে ওঠে ওদের জন্য। ঈদের প্রথম ও দ্বিতীয় দিন একুশে টেলিভিশনে প্রচার হবে এই ফিকশনটি।

এই নাটকে বাড়তি আকর্ষণ হিসেবে থাকছে জনপ্রিয় ব্যান্ড চিরকুট এবং স্টুডিও ফিফটি এইটের করা দুটি গানও। নাটকটি প্রসঙ্গে রেদওয়ান রনি বলেন, এটি তারুণ্যের গল্প। নাটকের কাহিনী, সংলাপ, মেট্রো লাইফস্টাইল, মোটরবাইক স্ট্যান্টসহ এর গান দুটি দর্শকদের ভাল লাগবে বলেই আমার বিশ্বাস। আমরা চেষ্টা করেছি সুন্দর ঘটনার মাধ্যমে তরুণ প্রজন্মকে একটি মেসেজ দিতে।

ঢাকা, ১৯ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই