পেশিবহুল শরীর, হাতে বক্সিং গ্লাভস, গালে ক্ষতচিহ্ন আর মুখভঙ্গি একজন হার-না-মানা যোদ্ধার। `মেরি কম’ সিনেমার সদ্য প্রকাশিত পোস্টারে এমন রূপেই দেখা গেল প্রিয়াঙ্কা চোপড়াকে।
অলিম্পিকে ব্রোঞ্জ পদকজয়ী ভারতীয় বক্সার মেরি কমের চরিত্রে অভিনয় করতে গিয়ে গ্ল্যামারকে পুরোপুরি বিদায় জানাতে হয়েছে এই নায়িকাকে।
প্রথম পোস্টারটি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে প্রকাশ করার সঙ্গে সঙ্গেই দারুণ সাড়া পেতে শুরু করেন প্রিয়াঙ্কা। ‘দুই বছরের ট্রেনিং শেষে’- শিরোনামের ওই ছবি রিপোর্টটি লেখা পর্যন্ত রিটুইট হয় আড়াইশ’রও বেশিবার।
এর পরপরই আরেকটি পোস্টার টুইট করেন প্রিয়াঙ্কা। সাড়ে সাতশ’ বারেরও বেশি রিটুইট হওয়া ওই ছবি নিয়ে উচ্ছসিত মন্তব্য করেন হিন্দি সিনেপাড়ার অনেক তারকাই।
দিয়া মির্জার মন্তব্য, “সুপারগার্ল”।
ওদিকে প্রিয়াঙ্কাকে অভিনন্দন জানিয়ে প্রিতি জিনটা লেখেন, “দারুণ হয়েছে নতুন পোস্টারটি। কঠোর পরিশ্রম সবসময়ই ভালো ফল বয়ে আনে। প্রিয়াঙ্কা, তোমাকে নিয়ে আমি গর্বিত।”
শ্রদ্ধা কাপুর, রানভির সিংয়ের মতো এ প্রজন্মের তারকারাও রিটুইট করছেন প্রিয়াঙ্কার ওই ছবি। শ্রদ্ধা লিখেছেন, “এ কারণেই প্রিয়াঙ্কা চোপড়া আমার প্রিয় অভিনেত্রীর তালিকার শীর্ষে।”
রানভিরের টুইট, “প্রিয়াঙ্কা চোপড়া: টোটাল নকআউট!”
ভারতীয় দৈনিক টাইমস অফ ইন্ডিয়া বলছে, সিনেমাটির জন্য নিজেকে পুরোপুরি নতুন করে তৈরি করেছেন সাবেক এই বিশ্বসুন্দরী। সদ্য প্রকাশিত পোস্টারে প্রিয়াঙ্কার সেই পরিবর্তন সবার চোখেই ধরা পড়বে। মেরি কমের চরিত্রটিকে ফুটিয়ে তুলতে যথাসাধ্য চেষ্টা করছেন প্রিয়াংকা।
সিনেমার ক্লাইমেক্স দৃশ্যগুলোর জন্য মানালিতে শুটিং চলাকালে ৩৫ দিন টানা প্রশিক্ষণ নিয়েছেন প্রিয়াংকা। সারাদিন শুটিংয়ের পর রাতে প্রশিক্ষণ নিতেন তিনি। বক্সারদের মতো করে শরীর গঠনের জন্য বিশেষ ধরনের ব্যায়ামও করেছেন তিনি।
উমাঙ্গ কুমার পরিচালিত এবং সঞ্জয় লিলা বানসালির প্রযোজনায় মেরি কমের জীবনীনির্ভর সিনেমা ‘মেরি কম’। সিনেমাটি মুক্তি পাবে ৫ সেপ্টেম্বর। সিনেমায় মেরি কমের চরিত্রটিকে নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে উত্তর-পূর্ব ভারতের মনিপুরে তার সঙ্গে সময় কাটান প্রিয়াংকা।
ঢাকা, ১৬ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই





