পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশ টিভির জন্য নির্মিত হচ্ছে ‘ফেস টু ফেস: অনন্ত জলিল’ নামের একটি অনুষ্ঠান। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন অনন্ত জলিল। অনুষ্ঠানটি প্রচারিত হবে ঈদের দিন থেকে পরবর্তী সাত দিন রাত নয়টায়।
অনন্ত জলিল বলেন, ‘অনুষ্ঠানটি উপস্থাপনা করে ভিন্নধর্মী একটি অভিজ্ঞতা হয়েছে। আগে বিভিন্ন টক শোতে অতিথি হিসেবে হাজির হয়েছি। এবার উপস্থাপনা করতে গিয়ে বুঝতে পারছি, উপস্থাপনার কাজটি আসলেই অনেক কঠিন। অনুষ্ঠানসংশ্লিষ্ট সবাই আমাকে অনেক সাহায্য করছেন। উপস্থাপনা সম্পর্কে অনেক কিছুই অজানা ছিল আমার। কাজটি করার পর অনেক কিছুই জানতে পারছি।’
একাধিক চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি মুঠোফোন সেবাদাতাপ্রতিষ্ঠানসহ বেশ কয়েকটি পণ্যের মডেল হয়েছেন অনন্ত জলিল। বর্তমানে তিনি দ্য স্পাই, অগ্রযাত্রার মহানায়ক ছবির কাজ করছেন। এবারের ঈদে তাঁর কোনো ছবি মুক্তি না পেলেও ছোট পর্দায় দেখা যাবে তাঁকে।
ঢাকা, ২৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ





