ক্রিকেটে মোহাম্মদ আমিরের শুরুটা ছিল নায়কের মতোই। কিন্তু ম্যাচ ফিক্সিংয়ের ফাঁদে পড়ে খলনায়ক হয়ে যান তিনি। বর্তমানে রয়েছেন নিষেধাজ্ঞার মধ্যে। ২০১৫ সালের সেপ্টেম্বরে পুনঃরায় ক্রিকেটে ফিরবেন তিনি।
তার আগে পাকিস্তানের খ্যাতিমান পরিচালক ফয়সাল বুখারির ‘ব্লাইন্ড লাভ’ নামক সিনেমায় নায়কের ভূমিকায় অভিনয় করার প্রস্তাব পেয়েছেন পাকিস্তানের তরুণ পেসার মোহাম্মদ আমের। প্রস্তাবটি লুফেও নিয়েছেন তিনি। আর বিষয়টি নিশ্চিত করেছেন আমির। সিনেমায় অভিনয়ের জন্য তিনি তার চেহারায় ব্যাপক পরিবর্তন এনেছেন। তাকে দেখলে এখন চেনাই যায় না।
এ বিষয়ে আমির বলেন, ‘পাকিস্তানের সিনেমায় নায়কের ভূমিকায় অভিনয়ের জন্য আমাকে প্রস্তাব দেয়া হয়েছে। যেহেতু এখনই আমি ক্রিকেটে ফিরতে পারছি না, তাই আমি এই প্রস্তাবটি গ্রহণ করতে যাচ্ছি। তবে নিষেধাজ্ঞা শেষ হলে ক্রিকেটই হবে আমার প্রথম পছন্দ।
গেল চার বছর ধরে আমি ক্রিকেট খেলার মধ্যে নেই। ক্রিকেটই ছিল আমার একমাত্র রুটি-রুজির পথ। কিন্তু সেটা না থাকায় আমার অবস্থা খুব একটা ভালো ছিল না। এমতবস্থায় এমন প্রস্তাবটা আমার কাছে আশীর্বাদের মতো মনে হচ্ছে।’
পাকিস্তানের খ্যাতিমান পরিচালক ফয়সাল বুখারির ‘ব্লাইন্ড লাভ’ নামক সিনেমায় নায়কের ভূমিকায় অভিনয় করবেন তরুণ এই ক্রিকেটার।
পাকিস্তানের হয়ে ১৪টি টেস্ট ম্যাচ খেলে ৫১টি উইকেট নিয়েছেন আমির। এছাড়া ওয়ানডে ও টি- টোয়েন্টিতে যথাক্রমে ২৫ ও ২৩ উইকেট নিয়েছেন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে ২৮ ম্যাচে নিয়েছেন ১২০ উইকেট।
ঢাকা, ২২ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





