ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী ছবি ‘জাতিস্মর’ আগামী অস্কারে সেরা বিদেশি ছবির বিভাগে জমা পড়তে পারে। আর এক মাসের মধ্যেই ঘোষণা করা হবে ভারত থেকে কোন ছবিকে অস্কারে পাঠানো হবে।

প্রাথমিক তালিকায় শক্ত অবস্থানেই ভাবা হচ্ছে সৃজিত মুখোপাধ্যায়ের ‘জাতিস্মর’ ছবিটিকে। এরই মধ্যে মনোনয়নের জন্য জমা পড়েছে ৯টি ছবি। এ তালিকায় উল্লেখযোগ্য অন্য ছবিগুলো হলো- রজনীকান্ত অভিনীত ‘কোচাদাইয়ান’, কঙ্গনা রনৌত অভিনীত ‘কুইন’, আলিয়া ভাট ও বরুণ ধাওয়ান জুটির ‘টু স্টেটস্’, হানসাল মেহতা পরিচালিত ‘শহীদ’ এবং ‘সিটি লাইটস্’।

এতো হিন্দি ছবির ভিড়েও বাংলা ছবি হিসেবে ‘জাতিস্মর’-এর অস্কারে যাওয়ার সম্ভাবনাই বেশি বলে আশা করা হচ্ছে।‘জাতিস্মর’ ছবিতে অ্যান্টনি ফিরিঙ্গি চরিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

এছাড়াও আছেন যীশু সেনগুপ্ত, স্বস্তিকা মুখোপাধ্যায়, আবীর চট্টোপাধ্যায়, রিয়া সেন, অনন্যা চট্টোপাধ্যায় ও রাহুল। ছবিটির সংগীত পরিচালনা করেছেন কবীর সুমন।

গল্পে পর্তুগীজ অ্যান্টনি ফিরিঙ্গি বাংলায় এসে বাঙালির সংস্কৃতিকে হৃদয়ে ধারণ করে হয়ে ওঠে একজন গায়েন। চলতি বছর এটি সেরা রূপসজ্জা, সেরা সংগীত, সেরা গায়ক এবং সেরা পোশাক বিভাগে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার জেতে।

ঢাকা, ২৬ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই