মান ভাঙলো ডিপজল-রেসির। জুটি হয়ে আবার চলচ্চিত্রে ফিরছেন তারা। প্রথমেই কাজ করবেন জাকির হোসেন রাজুর 'অনেক দামে কেনা' চলচ্চিত্রে। ইতিমধ্যে চলচ্চিত্রটির শুটিংয়ে অংশ নিয়েছেন ডিপজল।নির্মাতা জানান, আগামী সপ্তাহেই কাজ শুরু করবেন রেসি। চলচ্চিত্রে ডিপজলের প্রেমিকার চরিত্রে অভিনয় করবেন তিনি।
গল্পে দেখা যাবে ডিপজল নিসঙ্গ একজন ভালো মানুষ। একাকিত্বের জ্বালায় রাতে মদ খেয়ে শহরে ঘুরে বেড়ান আর দুস্থ মানুষকে সেবা করেন। বাপ্পী তাকে বড় ভাইয়ের মতো শ্রদ্ধা করেন। একসময় বাপ্পীকে নিজের অতীত জীবনের দুঃখের কথা জানান ডিপজল। তখন ফ্ল্যাশব্যাকে ওঠে আসে রেসির সঙ্গে তার ভালোবাসার সম্পর্কের কথা।
নির্মাতা বলেন এই চলচ্চিত্রের গল্প নেওয়া হয়েছে চার্লি চ্যাপলিনের বিখ্যাত 'সিটি লাইট' চলচ্চিত্র থেকে। এদিকে ডিপজল তার অমি-বনি কথাচিত্র থেকে বেশ কটি চলচ্চিত্র নির্মাণ শুরু করবেন এবং এগুলোতে তার বিপরীতে নায়িকা থাকবেন রেসি। ২০১১ সালে রেসি বিয়ে করে সংসারী হন এবং চলচ্চিত্র ত্যাগ করেন।
এর আগে ডিপজলের প্রযোজনায় তার সঙ্গে অর্ধ ডজনেরও বেশি চলচ্চিত্রে জুটি হন রেসি। কয়েকটি সূত্র জানায়, রেসি বিয়ে করে চলচ্চিত্র ত্যাগ করায় অনেকটা অভিমান করে চলচ্চিত্র নির্মাণ ও অভিনয় ছাড়েন ডিপজল।
নির্মাতা রাজু বলেন, অনেকদিন পর আবার জুটি হয়ে ফিরছেন তারা। আশা করি, দর্শক আগের মতোই তাদের সাদরে বরণ করবেন।
ঢাকা, ৫ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই





