বিজ্ঞাপন ও নাটকের মিষ্টি হাসির মডেল-অভিনেত্রী কুমকুম হাসান আগের চেয়ে এখন অভিনয়ে একটু বেশিই ব্যস্ত।                    
যে কারণে টিভি পর্দায় তাকে এখন তাকে নিয়মিতই দেখা যাচ্ছে। জনপ্রিয় এই মডেল ও অভিনেত্রী নতুন তিনটি কাজ নিয়ে দর্শকের সামনে হাজির হতে যাচ্ছেন। তিনটি কাজের একটি হচ্ছে ডেইলি সোপ, একটি ধারাবাহিক নাটক ও একটি নতুন বিজ্ঞাপন।
পথিকের প্রযোজনায় কুমকুম হাসান যে ডেইলি সোপটিতে অভিনয় করছেন সেটি হচ্ছে ধ্রুবতারা। এটি নির্মাণ করছেন শান্তা রহমান। আর ধারাবাহিকটির নাম হচ্ছে চলো হারিয়ে যাই। এটি রচনা ও পরিচালনা করছেন সাইফুল ইসলাম মান্নু।
কুমকুম হাসান বলেন-গল্প আর চরিত্র ভালো হলে কেন কাজ করবোনা। নতুন ডেইলি সোপ ও ধারাবাহিক নাটকের গল্প অনেক ভালো লেগেছে। আমার চরিত্রেরও যথেষ্ট গুরুত্ব আছে। তাই কাজ দুটি করছি। আশা করছি প্রচারে আসলে দর্শকের ভালোলাগবে। কুমকুম হাসান অভিনীত ধারাবাহিক নাটক রহমতুল্লাহ তুহিন পরিচালিত ক্ষণিকালয় মাছরাঙ্গায়, রেদওয়ান রনির পরিবার করি কল্পনা ও এজাজ মুন্নার যোগাযোগ গোলযোগ এনটিভিতে নিয়মিতভাবে প্রচার হচ্ছে।
টেলিভিশনে কুমকুম হাসান প্রথম অভিনয় করেন রবীন্দ্র নাথ ঠাকুরের চিরকুমার সভা নাটকে সুবর্ণা মুস্তাফার পরিচালনায়। এডভিচ এ্যাডভারটাইজিং ফার্মের অধীনে দশম শ্রেণীতে পড়া অবস্থায় কুমকুম হাসান প্রথম বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে কাজ করেন। তার ক্যারিয়ারের শুরুর দিকের আলোচিত বিজ্ঞাপনের মধ্যে রয়েছে ম্যানোলা, তিব্বত , কসকো।
তিব্বত ব্লু বারের বিজ্ঞাপনে সাইদুল আনাম টুটুলের নির্দেশনায় মডেল হিসেবে কুমকুম হাসান ও নৃত্যশিল্পী মুনমুন আহমেদ কাজ করেছিলেন। একই বিজ্ঞাপনে একযুগ পর আহমেদ ইউসুফ সাবেরের নির্দেশনায় তার দু'জনই মডেল ছিলেন। ওয়াহিদ তারেকের নির্দেশনায় গ্রামীণ ফোন-ব্যালেন্স অফার-এর বিজ্ঞাপনে চিত্র নায়িকা বর্ষার মায়ের চরিত্রে অভিনয় করেও দর্শকসমাদৃত হন গুণী অভিনেত্রী কুমকুম হাসান।
সর্বশেষ পিপলুর নির্দেশনায় তিনি স্যানিটারী ন্যাপকিনর বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন। আর নতুন এই বিজ্ঞাপনটিই খুব শিগগিরই প্রচারে আসবে বলে জানিয়েছেন কুমকুম হাসান।
[b]ঢাকা, ১ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]