আমাদের দেশ তথা উপমহাদেশের নারীদের দেখা যায় নিজের কোন ঠিকানা বা পরিচয় নাই। কারণ জন্মের পর বাবার অধীনে, এরপর স্বামীর অধীনে আর সবশেষে ছেলের অধীনে তার জীবন কাটে। আবার দেখা যায় কোন নারীকে যদি বিধবা বা তালাকপ্রাপ্তা হয়ে বাবার বাড়ী ফিরতে হয় তাহলে তা হয়ে যায় ভাইয়ের বাড়ী। নারীর জীবনের এই পরনির্ভরশীলতা এবং স্থানান্তরের যে চক্র প্রবাহমান তা নিয়ে প্রসূন রহমান নির্মান করছেন ‘সুতপার ঠিকানা।

২০শে সেপ্টেম্বর এফডিসির ভিআইপি প্রজেকশন হলে ছবিটির শুভ মহরত অনুষ্ঠিত হয়ে গেল। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যাথরিন মাসুদ, সোহানুর রহমান সোহান, কুমার বিশ্বজিতসহ ছবিটির সকল কলাকুশলী।

২০১৩-১৪ অর্থবছরের সরকারী অনুদানে নির্মিত ছবিটিতে ‘সুতপা’ নামে এক নারীর কিশোরী থেকে মধ্যবয়স পর্যন্ত বিভিন্ন বয়সী চরিত্রের অভিনয় করবেন অপর্ণা। ছবিতে আরও অভিনয় করছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, মাহমুদুল ইসলাম মিঠু, শাহাদাত হোসেন, সায়কা আহমেদ, এস এম মহসীন, খোরশেদ আলম, আনোয়ার চৌধুরী, রবি শিকদার, রাজিব সালেহীন, জুনিয়া ডলি, নাভিদ, মুনিয়া ও নিবিড় কুমার প্রমুখ।

ছবির ছয়টি গানেরই সঙ্গীত পরিচালনা করবেন কুমার বিশ্বজিৎ। এটি তার দ্বিতীয় কোন ছবির সঙ্গীত পরিচালনা। চিত্রগ্রহণে বায়োজিদ কামাল এবং সম্পাদনায় সামির আহমেদ থাকছেন। শিল্প নির্দেশনায় শহীদ আহমেদ মিঠু এবং শব্দগ্রহণে থাকবেন নাহিদ মাসুদ।

২২শে সেপ্টেম্বর থেকে মানিকগঞ্জের নবগ্রামে ছবির শ্যুটিং শুরু হবে। মূলত বর্ষাকে ফ্রেমের মাঝে ধারণ করতেই এই সময়ে শ্যুটিং, এমনটাই বললেন পরিচালক। তিনি আরও বলেন, ইমেশন ক্রিয়েশনের ব্যানারে নির্মিতব্য ছবিটিতে সংলাপ, সঙ্গীত আর কাব্যিক ধারাবর্ণনার ব্যতিক্রমী আয়োজনে নতুন ভঙ্গীতে গল্প বলার প্রয়াস থাকবে।

বাংলার পাশাপাশি ছবিটির একটি ইংরেজি সংস্করণও নির্মিত হবে। ছবিটি সকল মায়েদের উদ্দেশে উৎসর্গ করা হবে।

ঢাকা, ২২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই