পাওয়ার ভয়েজ সংগীত প্রতিযোগিতার মধ্য দিয়ে গায়কী-পারফরমেন্সের মাধ্যমে যিনি সবচেয়ে বেশি সম্ভাবনা জাগিয়ে তুলেছিলেন তিনি কর্নিয়া। এই প্রতিযোগিতার পর অল্পসময়ের মধ্যে আলোচনায় ও চলে আসেন তিনি।                    
গান ছাড়াও স্টেজে ভাল পারফরমেন্সের দরুণ দীর্ঘ সময় পর চলতি প্রজন্মের একজন রকস্টার হয়ে ওঠার ইঙ্গিতও দিচ্ছিলেন তিনি। একাধিক শীর্ষ ও জনপ্রিয় সংগীত পরিচালকও কর্নিয়াকে দিয়ে কাজ করার কথা ভাবছিলেন।
কিন্তু সেই ভাবনায় একেবারেই গুড়েবালি। সম্ভাবনার জায়গা থেকে সরে এসে যেন ভুল পথেই হাঁটছেন কর্নিয়া। পাওয়ার ভয়েজের এক বছরের চুক্তি শেষ হতে না হতেই অডিও অঙ্গনে পা রাখেন এ গায়িকা। যদিও শুরুটা ভাল হয়নি তার। এরপর ধারাবাহিকভাবে একের পর এক মানহীন গান গেয়ে এরই মধ্যে সংগীতাঙ্গনে সমালোচিতও হয়েছেন তিনি। ক্যারিয়ার শুরুর প্রাক্কালেই মানহীন কাজে নিজেকে জড়িয়ে অনেকটাই পেছনের দিকে চলছেন তিনি। যার কারণে মানসম্পন্ন ও জনপ্রিয় সংগীত পরিচালকরা আগ্রহ হারিয়ে ফেলেছেন কর্নিয়ার প্রতি।
কর্নিয়ার চলতি ইমেজের কারণেই এমনটা হয়েছে বলেও জানিয়েছেন একাধিক সংগীত পরিচালক। এদিকে সংখ্যার দিক দিয়ে অল্প সময়ে অনেক গান গাইলেও মানের দিক দিয়ে একেবারেই পিছিয়ে রয়েছেন এই গায়িকা। গত কয়েকমাসে বেশকিছু গান প্রকাশিত হয়েছে তার। তবে এখন পর্যন্ত একটি মৌলিকগানও বেরিয়ে আসেনি কর্নিয়ার কণ্ঠে। এখনই মানের দিকে মনোযোগী না হলে কর্নিয়ার মতো সম্ভাবনাময় কণ্ঠের অপমৃত্যু হবে বলেই মনে করছেন সংগীত সংশ্লিষ্টরা।
[b]ঢাকা, ৩০ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]