এ বছরই মুক্তি পাচ্ছে অ্যাকশন সিনেমা ‘সিংঘাম’-এর সিকুয়েল ‘সিংঘাম রিটার্নস’। পরিচালক রোহিত শেঠি জানালেন, এবারের পর্ব আগেরটির মতো জনপ্রিয়তা পেলে মুভি ফ্রাঞ্চাইজিতে পরিণত করা হবে ‘সিংঘাম’কে।
২০১১ সালে মুক্তির পরপরই বলিউড বক্স অফিসে ঝড় তোলে ‘সিংঘাম’। একশ’ কোটি রুপির উপরে আয় করা সিনেমাটি নিয়ে পরের বছরই সিকুয়েল তৈরির ঘোষণা দেন শেঠি। ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবসে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘সিংঘাম রিটার্নস’ সিনেমাটির।
মুভি ফ্র্যাঞ্চাইজির অভিজ্ঞতা অবশ্য রয়েছে শেঠির। সুপারহিট কমেডি সিরিজ ‘গোলমাল ট্রিলজি’ রয়েছে তারই ঝুলিতে। তবে পুরোপুরি অ্যাকশন নির্ভর মুভি সিরিজ নিয়ে এর আগে কাজ করেন নি তিনি।
“কমেডি সিনেমা ‘গোলমাল’, ‘অল দ্য বেস্ট’-এর মতো অ্যাকশন ঘরানার সিনেমায় কাজ করতে গিয়ে আমরা বেশ ভয় পেয়েছিলাম। আমি জানতাম না এটা সফল হবে কি না। আমি কখনও ভাবতে পারিনি যে এটার সিকুয়েল বানানোর মতো অবস্থাও একদিন আসবে।”
ফ্রাঞ্চাইজি করার ব্যাপারে তিনি বলেন, “সিকুয়েলটা কতটা সফল হয় সেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদি দর্শকরা এটা পছন্দ করে আর আমরা ভালো বিষয় খুঁজে পাই, তবে ফ্র্যাঞ্চাইজির চিন্তা করা যেতেই পারে। কিন্তু এখনই এ ব্যাপারে আমাদের কোনো পরিকল্পনা নেই। এমন কোনো ঘোষণা দেওয়ার মতো সময় এখনও আসেনি।”
সিনেমার সাফল্যের ব্যাপারে রোহিত বলেন, “আমাদের এটা নিশ্চিত করতে হয়েছে যে, আমরা একই জিনিস আবারও দেখাচ্ছি না। ‘সিংঘাম’-এর পর একই রকম অ্যাকশনধর্মী বেশকিছু সিনেমা তৈরি হয়েছে। তাই আমাদের কাছে একটা বড় পরীক্ষা, আমরা নতুন কী দেখাতে পারি। আমি আমার সিনেমা নিয়ে কখনও খুব একটা চাপ নেই না। আমি শুধু কঠোর পরিশ্রম করার চেষ্টা করি।”
‘সিংঘাম’ সিনেমার মূলচরিত্র বাজিরাও সিংঘাম একজন সৎ পুলিশ অফিসার। আগের সিনেমার মতো সিকুয়েলেও অজয় দেভগান এই চরিত্রে অভিনয় করছেন। এবারের সিনেমার ঘটনাস্থল মুম্বাই এবং অজয় এবার ডিসিপির ভূমিকায় উপস্থিত হবেন। আগের সিনেমায় অজয় গোয়া শহরের একজন এসিপির চরিত্রে অভিনয় করেছিলেন।
প্রথম সিনেমায় অজয়ের বিপরীতে অভিনয় করেছিলেন ‘মাগাধিরা’-খ্যাত তামিল নায়িকা কাজাল আগারওয়াল। আর এবারে তার জায়গায় দেখা যাবে হিন্দি সিনেমার অভিনেত্রী কারিনা কাপুর খানকে।
ঢাকা, ১৬ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই





