তুষার প্যারিসে বেড়ে উঠেছে। প্রেমিকার সঙ্গে ঝামেলার পর থেকে বিয়ে করতে চায় না সে। পরে দিয়ার সঙ্গে তার ভালো লাগার সম্পর্ক তৈরি হয়। এমনকি পরে জানতে পারে দিয়ার সঙ্গেই তার আগে বিয়ে ঠিক হয়েছিলো। কি ঘটতে যাচ্ছে তুষারের জীবনে। কে হবে তার জীবনসঙ্গী?

এটি সাত পর্বের বিশেষ নাটক ‘মেঘবালিকা’র গল্প। এতে তুষার চরিত্রে সজল, দিয়ার ভূমিকায় মেহজাবিন আর তুষারের প্রেমিকা চরিত্রে অভিনয় করেছেন সুজানা। নাটকটি লিখেছেন ও পরিচালনা করেছেন মোহন খান। উত্তরার বিভিন্ন জায়গায় এর দৃশ্যধারণ হয়েছে।

এ প্রসঙ্গে সজল বলেন, ‘বিদেশে বেড়ে ওঠা একটি ছেলের প্রেম ও বিয়ে নিয়ে জটিলতা এবং অন্যরকম সমাধান তুলে ধরা হয়েছে এতে। সুজানা ও মেহজাবিন দু’জনের সঙ্গেই এর আগেও অভিনয় করেছি। সহশিল্পী হিসেবে তারা বন্ধুসুলভ।’

আগামী কোরবানির ঈদে এটিএন বাংলায় প্রচার হবে ‘মেঘবালিকা’।

ঢাকা, ১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই