ভারতের খ্যাতিমান সংগীত শিল্পী কুমার শানুর সঙ্গে একই মঞ্চে গান গাইবেন চ্যানেল আই সেরা কন্ঠের দুই বিজয়ী কন্ঠশিল্পী দুই বোন নির্বাচিতা মুৎসুদ্দী ও বৃষ্টি মুৎসুদ্দী। তবে তা দেশের মাটির কোন মঞ্চে নয়।

আগামী ২২শে জুন লন্ডনের কমিউনিটি ট্রাস্ট আয়োজিত  ভিক্টোরিয়ায় বৈশাখী  মেলায় একইমঞ্চে কুমার শানুর সঙ্গে গান গাইবেন তারা। অনুষ্ঠানে অংশ নেয়ার লক্ষ্যে মঙ্গলবার সকালের ফ্লাইটে নির্বাচিতা ও বৃষ্টি লন্ডনের উদ্দেশে রওয়ানা হয়েছেন।

যাবার আগে নির্বাচিতা বলেন, এর আগে আমরা দুই বোন একসঙ্গে ওমানে গিয়েছিলাম গাইতে। তবে এবারই প্রথম আমি ও বৃষ্টি গান গাইতে লন্ডনে যাচ্ছি। এবার বিদেশের মাটিতে শো করতে যাওয়ার আনন্দটা একবারেই অন্যরকম। কারণ, এবার কুমার শানুর মতো বিশ্ববরেণ্য শিল্পীর সঙ্গে একই মঞ্চে গান গাইবো আমরা।

আসছে ২৪ শে জুন লন্ডনের একই সংগঠন আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে কুমার শানুকে সংবর্ধনা দেবার পাশাপাশি নির্বাচিতা ও বৃষ্টিকেও সংবর্ধনা দেয়া হবে!

ঢাকা, ১৮ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই