আসছে ঈদের জন্য এখন পর্যন্ত চারটি নাটকে অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী জাকিয়া বারী মম।
যদিও এখন তিনি নিজেকে একজন চিত্রনায়িকা হিসেবে চলচ্চিত্রে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন কিন্তু তারপরও জীবনের প্রয়োজনে চলচ্চিত্রে কাজ করার পাশাপাশি তাকে নাটকেও অভিনয় করতে হচ্ছে।
আসছে ঈদ উপলক্ষে জাকিয়া বারী মম এখন পর্যন্ত যেসব পরিচালকের নাটকে কাজ করেছেন তারা হলেন সকাল আহমেদ, এস এ হক অলিক ও বি ইউ শুভ। এস এ হক অলিকের পরিচালনায় আহসান হাবিবের রচনায় মম অভিনয় করেছেন 'দ্য ফেইথ ইভেন ম্যানেজমেন্ট' নাটকে। অলিকেরই রচনায় তিনি অভিনয় করেছেন 'টুকরো মেঘের গল্প' নাটকে।
প্রথমটিতে তিনি অভিনয় করেছেন সজলের সঙ্গে জুটিবদ্ধ হয়ে এবং দ্বিতীয়টিতে তিনি অভিনয় করেছেন চিত্রনায়ক রিয়াজের বিপরীতে। এই দুটি নাটক প্রচার হবে যথাক্রমে এটিএন বাংলায় ও বাংলাভিশনে। সকাল আহমেদের নির্দেশনায় বীণা আলমের রচনায় মম অভিনয় করেছেন 'কাব্য কথা' নাটকে। এ নাটকেও তার বিপরীতে আছেন সজল। এটি ঈদে আরটিভিতে প্রচার হবে।
অন্যদিকে শফিকুর রহমান শান্তুনুর রচনায় ও বি ইউ শুভর পরিচালনায় অপূর্বর বিপরীতে অভিনয় করেছেন 'শেকড়' নাটকে।
ঢাকা, ৩ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই





