অডিও প্রযোজনায় নাম লেখালেন বলে জানালেন সংগীতশিল্পী ফাহমিদা নবী।‘আনমোল’ নামের এই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে ১০ জুলাই প্রথম অ্যালবাম প্রকাশিত হতে যাচ্ছে। প্রথম অ্যালবামটি ফাহমিদা নবীর নিজেরই। নজরুল সংগীতের এই অ্যালবামের নাম আমারে ছুঁইয়াছিলে ।এটি ফাহমিদা নবীর প্রথম নজরুল সংগীতের অ্যালবাম। আর একক অ্যালবাম হিসেবে এটি ১৩তম।
অ্যালবাম প্রযোজনা প্রসঙ্গে ফাহমিদা নবী বলেন, ‘কয়েক বছর ধরেই অডিও প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর ভাষ্য, ব্যবসা খুব মন্দা। এছাড়া অ্যালবাম নিয়ে রয়েছে আরও নানা অজুহাত। সংগীতজীবনে এতটা সময় পার করে প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর কাছে অ্যালবাম প্রকাশের জন্য ধরনা দেওয়াটা এক ধরনের অপমান। তাই সবকিছু ভেবেচিন্তে বাধ্য হয়ে নিজেই প্রযোজনা প্রতিষ্ঠান চালুর সিদ্ধান্ত নিয়ে ফেললাম। আর নিজের অ্যালবাম নিজের প্রতিষ্ঠান থেকে প্রকাশের সিদ্ধান্তকে যৌক্তিক মনে হয়েছে।’
আমারে ছুঁইয়াছিলে অ্যালবাম প্রসঙ্গে ফাহমিদা নবী বলেন, ‘অনেক দিন থেকে ইচ্ছে ছিল নজরুলের গান নিয়ে একটি পূর্ণাঙ্গ অ্যালবাম প্রকাশের। শেষ পর্যন্ত তা সম্ভব হয়েছে। অ্যালবামে খুব পরিচিত নয়টি গানই করেছি। মূল সুর ঠিক রেখে নতুন সংগীতায়োজনে প্রতিটি গান গাওয়া হয়েছে। আশা করছি, প্রতিটি গানে শ্রোতারা বৈচিত্রে৵র ছোঁয়া পাবেন।’
আমারে ছুঁইয়াছিলে অ্যালবামের সংগীতায়োজন করেছেন পার্থ মজুমদার। আর পৃষ্ঠপোষকতা করেছে হোমটেক্স।
ফাহমিদা নবীর প্রথম একক গানের অ্যালবাম তুমি তুলনাহীনা (১৯৮৯)। আর গত বছরের মাঝামাঝি সময়ে প্রকাশিত হয় শিল্পীর শেষ একক অ্যালবাম ইচ্ছে হয়।
ঢাকা, ২ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই





