ফাইনাল নিয়ে এক প্রকার ছটফটই করছিলেন বলিউড বাদশা শাহরুখ খান। কাজের ফাঁকে যতটুকু সময় পেয়েছেন তার মঝেই একের পর টুইট করেছেন। প্রতিটি টুইটেই ছিল কেকেআর প্রসঙ্গ।  
শুধু টুইট করেই থেমে থাকেননি মি. খান। ফাইনালে মাঠে থাকবেন বলে আগের দিন রাতভর শুটিং করেছেন ফারহা খানের নতুন ছবির জন্য। টানা পনেরো ঘণ্টারও বেশি। যার মধ্যে বারো ঘণ্টা ধরে পানির মধ্যে অ্যাকশন সিকোয়েন্স ক্যামেরাবন্দি করা হয়েছে।
কিন্তু কাজের ব্যস্ততাও ফাইনাল নিয়ে তার নার্ভাসনেস ভোলাতে পারেনি। যার প্রকাশ ওই মুহুর্মুহু টুইটে। শাহরুখ লেখেন, ‘কাল বেঙ্গালুরু। আমার বড় হয়ে ওঠার শহর। বাচ্চাদের ওদের দাদু-দিদার বাড়িটা দেখাতে হবে। আর আল্লাহ্ যদি মঞ্জুর করেন, তা হলে আইপিএল কাপ-এ ভরেই চুমুক দেব কফিতে।’
মেয়ে সুহানা আর তার দুই বন্ধুকে সঙ্গে নিয়ে বেঙ্গালুরু পৌঁছে ফের টুইট, ‘বেঙ্গালুরুতে বড় হয়ে ওঠার কত সুখস্মৃতি... শহরের বাইরেটা বদলায়, হৃদয়টা নয়। এখানে পৌঁছে দারুণ লাগছে।’
ফাইনাল নিয়ে শাহরুখের প্রস্তুতির লিস্টে এক নম্বরে ছিল পরিবারের নবতম সদস্য, ছোট ছেলে আবরাম। তার জন্য নাম লেখা নাইট জার্সি তৈরি করানো। সেটা হাতে পেয়ে মুম্বাই থেকে বেঙ্গালুরু রওনার আগে ছবিসহ টুইট করেছিলেন, ‘আমরা মোটামুটি রেডি... সব ধরনের আকার আর সাইজেই। চলো আমার কেকেআর...।’
তবে নাম লেখা জার্সি থাকলেও ফাইনাল দেখতে এ দিন দুই ছেলের একজনও সঙ্গে ছিল না শাহরুখের। যা নিয়ে বলিউডের বাদশা খানিকটা আক্ষেপই করেছেন। মাঠে ঢোকার আগে লেখেন, ‘হঠাৎই মনে হচ্ছে ওরা সঙ্গে থাকলে ভাল হত। বউ ছোট ছেলেকে নিয়ে বাড়িতে থেকে গিয়েছে, ওদের মিস করছি। আরিয়ানেরও স্কুল। তবে আমার বাহিনী, আমার ছোট্ট মেয়েরা সঙ্গেই আছে... অবিরাম বকবক করে যাচ্ছে আর হাসছে আমার বাহিনী।’
[b]ঢাকা, ২ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]