কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের জন্মদিন উপলক্ষে উদযাপিত হল হুমায়ূন মেলা। দ্বিতীয়বারের মতো মেলাটি আয়োজন করেছিল ‘চ্যানেল আই’।
বৃহস্পতিবার চ্যানেল আই প্রাঙ্গণে সকাল ১১টায় হুমায়ূন মেলা’র উদ্বোধন করেন ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পরিচালক মুকিত মজুমদার বাবু, নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ, কবি আসাদ চৌধুরী, আবদুল লতিফ বাচ্চ, মোঃ খুরশীদ আলমসহ দেশ বরেণ্য বিশিষ্ট ব্যক্তিগণ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুমায়ূনপত্নী মেহের আফরোজ শাওন ও তার সাথে এসেছিলেন তার দুই সন্তান নিষাদ ও নিনিত।
মেলা উপলক্ষে অনুভূতি ব্যক্ত করতে গিয়ে শাওন বলেন, আগে রবীন্দ্র ও নজরুল মেলা হয়েছে। চ্যানেল আই হুমায়ূন আহমেদকে ভালোবেসে হুমায়ূন মেলার আয়োজন করেছে। সেজন্য চ্যানেল আইয়ের প্রতি জানাই কৃতজ্ঞতা’।
শিশুদের ছবি আঁকা, উন্মুক্ত মঞ্চে হুমায়ূন আহমেদ রচিত গান পরিবেশন, গান, নৃত্যসহ মেলার আয়োজনে ছিল হুমায়ূন আহমেদের বই, চলচ্চিত্র, নাটক-এর ডিভিডি’র স্টল।
অপু মাহফুজ ও মৌসুমী বড়ুয়া উপস্থাপনায় পুরো মেলাটি সরাসরি সম্প্রচার করেছে চ্যানেল আই। মেলায় এসেছিলেন হুমায়ূন পরিবার ও হিমু পরিবহন সংগঠনের সদস্যরা।
জেআই





