কমলাপুর রেলস্টেশনে মাঝরাতে একা একটি মেয়ে। এই মেয়েটিকে কেন্দ্র করে, তার সারারাতের গল্পই তুলে ধরা হবে হাবিবুল ইসলাম হাবিব পরিচালিত ‘রাত্রির যাত্রী’ চলচ্চিত্রে।
সোমবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে ছবিটির মহরত অনুষ্ঠিত হয়েছে বিএফডিসির ভিআইপি মিলনায়তনে।
এতে উপস্থিত ছিলেন- তথ্য সচিব মরতুজা আহমেদ, সাংবাদিক নাঈমুল ইসলাম খান, নির্মাতা সোহানুর রহমান সোহান, চিত্রনায়ক ওমর সানী, চিত্রনায়িকা মৌসুমী, অভিনেতা ও নির্মাতা সালাউদ্দিন লাভলু, অভিনেতা আনিসুর রহমান মিলন, অভিনেত্রী ভাবনাসহ আরো অনেকে।
এ ছবিটির মাধ্যমে প্রথমবার বড়পর্দায় জুটি হতে যাচ্ছেন অভিনেতা আনিসুর রহমান মিলন ও চিত্রনায়িকা মৌসুমী। ৬ বছর আগে ছোটপর্দায় একটি টেলিছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন তারা। তবে বড়পর্দায় ‘রাত্রির যাত্রী’ হবে এ জুটির প্রথম চলচ্চিত্র।
নভেম্বর থেকে ছবিটির শুটিং শুরু হবে বলে জানিয়েছেন নির্মাতা। তিনি বলেন, ছবিটির বেশিরভাগ অংশজুড়ে থাকবে কমলাপুর রেলস্টেশন। তবে বিএফডিসিতে সেট বানিয়ে কিছু অংশের শুটিং করা হবে।
কেএইচ





