চিত্রনায়ক ইমনের চাচা আরেক চিত্রনায়ক ওমর সানি। এতদিন অনেকেই জানতেন না। জানবার কথাও নয়, কারণ এটি বাস্তবের কোনো চিত্রনাট্য নয়। এই সম্পর্ক তৈরি হয়েছে ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী টু’চলচ্চিত্রের জন্য। সাফিউদ্দিন সাফির পরিচালনায় রুম্মান রশীদ খানের লেখা চিত্রনাট্যে চাচা-ভাতিজার চরিত্রে অভিনয় করবেন ওমর সানি এবং ইমন।

এ প্রসঙ্গে ইমন বলেন, ‘সানি ভাই আমার কাছে শুধু একজন অভিনেতাই নয়, তাকে আমি বরাবরই একজন বড় ভাই হিসেবে মেনে এসেছি। চলচ্চিত্রে পা রাখার আগে সানি ভাইয়ের প্রযোজনায় মৌসুমী আপুর বিপরীতে ‘লাভ বার্ডস’টেলিছবিতে অভিনয়ও করেছিলাম। এবার ভাইকে চাচা হিসেবে পাচ্ছি এ ছবিতে।’

ওমর সানি এর আগে ২০০৫ সালে সাফিউদ্দিন সাফির প্রথম চলচ্চিত্র ‘গাদ্দারী’তে অভিনয় করেন। নয় বছর পর একই পরিচালকের ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।

ওমর সানি বলেন, ‘দীর্ঘ ২২ বছর ধরে অভিনয় করছি। গল্পে আমি একটা দলের কোচ হয়ে কাজ করব। যেখানে আমাকে দেখা যাবে, আমি চিরকুমার। সর্ম্পেকর জায়গা থেকে আমি ইমনের চাচা চরিত্রে অভিনয় করব। তবে এটাও কাহিনীর একটা অন্য রকম মোড়। দর্শকদের বড় ধরনের চমক দিতে পারবো বলে আশা করছি।’

এ ছবিতে শাকিব খান, জয়া আহসান, মৌসুমী হামিদ আগেই চুক্তিবদ্ধ হয়েছেন। এ ছবির প্রযোজনা প্রতিষ্ঠান ফ্রেন্ডজ মুভিজ ইন্টারন্যশনাল সূত্রে জানা গেছে, আগামী ১৬ সেপ্টেম্বর থেকে ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী টু’ছবির শুটিং শুরু হচ্ছে।

ঢাকা, ৮সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএইচ