সোভিয়েত আমলের বিখ্যাত চলচ্চিত্র অভিনেত্রী তাতিয়ানা স্যাময়লোভা আজ সোমবার ৮০ বছর বয়সে মারা গেছেন। ‘দ্য ক্রেনস্ আর ফ্লাইং’ ও ‘আন্না কারেনিনা’-চলচ্চিত্রে অভিনয় করে তিনি বিশেষ খ্যাতি অর্জন করেন।
রাশিয়ান ইউনিয়ন অব সিনেমাটোগ্রাফার্সের মুখপাত্র দিমিত্রি ইয়াকুনিন এএফপি’কে বলেন, স্যাময়লোভা সোমবার সকালে মস্কোর একটি হাসপাতালে মারা গেছেন।
স্যাময়লোভা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে বিয়োগান্তক প্রেমকাহিনী ভিত্তিক যুদ্ধবিরোধী চলচ্চিত্র ‘দ্য ক্রেনস্ আর ফ্লাইং’-এ ভেরোনিকা চরিত্রে অভিনয় করে আন্তর্জাতিক খ্যাতি কুড়িয়েছেন।
মিখাইল কালাতোজোভ পরিচালিত এ ছবির জন্যে তিনি ১৯৫৮ সালে কান ফিল্ম ফেস্টিভালে ‘পাম দো’র পুরস্কার পান।
পটল চেরা চোখ আর ঘনকালো চুলের সৌন্দর্যের জন্য পরিচিত তাতিয়ানা ১৯৬৭ সালে সোভিয়েত নির্মিত ‘আন্না কারেনিনা’র নাম ভূমিকায় অভিনয় করে আন্তর্জাতিক ক্ষেত্রে সম্ভবত সবচেয়ে বেশি পরিচিতি পান।
[b]ঢাকা, ৫ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]