বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশন (বামবা) থেকে সদস্যপদ প্রত্যাহার করে নিল দেশের শীর্ষস্থানীয় ব্যান্ড দল এলআরবি।
শুক্রবার বামবার মেম্বার ইনচার্জ বরাবর ব্যান্ড দলটির মূল সংগঠক আইয়ুব বাচ্চু স্বাক্ষরিত এক চিঠিতে এ পদত্যাগপত্র ই-মেইল করা হয়। এই চিঠি আবার এলআরবির ফেসবুক অফিসিয়াল পেজে পোস্ট করে দেয়া হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, এলআরবি আপসযোগ্য নয়, কিছু কারণে চিরতরের জন্য বামবা থেকে সদস্যপদ প্রত্যাহার করে নিচ্ছি। এ বিষয়ে আইয়ুব বাচ্চু বলেন, বিষয়টি নিয়ে আমি বিব্রত ও বিরক্ত। এ বিষয়ে বেশি কিছু বলতে চাচ্ছি না। হঠাৎ এ ধরনের সিদ্ধান্তে মিউজিক অঙ্গনে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।
ধারণা করা হচ্ছে, ১৩ মার্চ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে 'বিসিবি সেলিব্রেশন কনসার্ট'-এ অংশগ্রহণ করার কথা থাকলেও শেষ পর্যন্ত মঞ্চে উঠতে পারেনি ব্যান্ড মাইলস। আর এ কারণেই মাইলসের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য শাফিন আহমেদ ও বামবার বর্তমান সভাপতি হামিন আহমেদ রক লিজেন্ড এলআরবির আইয়ুব বাচ্চুকে দায়ী করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেন। আর এ থেকে সৃষ্ট পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এলআরবি এ রকম সিদ্ধান্ত নিয়েছে।
১৯৮৭ সালে প্রতিষ্ঠিত বামবা দেশের ব্যান্ডগুলোর শীর্ষ সংগঠন। ১৯৯১ সালে প্রতিষ্ঠার পর থেকেই এলআরবি বামবার সদস্য ছিল।
[b]ঢাকা, ১৬ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]