এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসের এবারের আসর মাত করেছেন পপ তারকা বিয়ন্সে নোলেস। সর্বোচ্চ তিনটি অ্যাওয়ার্ড জিতে নিয়েছেন তিনি।

মার্কিন এই পপ তারকা সেরা যুগল ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড জিতেছেন স্বামী জেয় জির সঙ্গে করা মিউজিক ভিডিও ‘ড্রাঙ্ক ইন লাভ’-এর জন্য। এছাড়াও সেরা সিনেমাটোগ্রাফি এবং সামাজিক বার্তাবাহী সেরা ভিডিও হিসেবেও অ্যাওয়ার্ড জিতেছে বিয়ন্সের ‘প্রিটি হার্টস’ মিউজিক ভিডিওটি।

তবে ২০১৩ সালের সেরা মিউজিক ভিডিওর খেতাব জিতেছে মার্কিন পপ তারকা মাইলি সাইরাসের ‘রেকিং বল’। সাবেক এই ডিজনি তারকার সম্পূর্ণ নগ্ন হয়ে গানে হাজির হওয়াসহ আরও নানা কারণে আলোচিত ছিল এই গানটি।

বছরের শীর্ষ সম্ভাবনাময় তারকার অ্যাওয়ার্ড জিতেছে ফিমেইল পপ-গ্রুপ ‘ফিফথ হারমোনি’। তাদের ‘মিস মুভিং অন’ গানটির ভিডিও জিতে নেয় এই খেতাব। আর ‘সিং’ ভিডিওটির জন্য সেরা পুরুষ শিল্পীর পুরস্কার জিতেছেন ব্রিটিশ পপ-ফোক তারকা এড শিরান। আর ‘ডার্ক হর্স’ ভিডিওর জন্য সেরা নারী শিল্পীর অ্যাওয়ার্ডটি বাগিয়ে নিয়েছেন পপতারকা কেটি পেরি।
সেরা পপ ভিডিওর খেতাব জিতেছে আরিয়ানা গ্র্যান্ডের ‘প্রবলেম’ ভিডিওটি। আর সেরা হিপ হপ ভিডিওর স্বীকৃতি গেছে ডিজে ড্রেইকের কাছে, তার ‘হোল্ড অন (উই আর গোয়িং হোম) ভিডিওটির জন্য। সেরা রক ভিডিও হয়েছে রেকর্ডিং শিল্পী লর্ডের ‘রয়্যালস’ ভিডিওটি।

আর সেরা গীতির ভিডিও হিসেবে অ্যাওয়ার্ড জিতেছে অস্ট্রেলিয়ান পপ-রক ব্যান্ড ‘ফাইভ সেকেন্ডস অফ সামার’, তাদের ‘ডোন্ট স্টপ’ মিউজিক ভিডিওটির জন্য।

ঢাকা, ২৬ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই