চলচ্চিত্র নায়িকা পরীমনি বলেছেন, “পুলিশ ম্যাজিকের মতো কাজ করেছে। আমি ডিবিতে নিজেই এসেছি। আমাকে তারা সাহস জুগিয়েছেন। আমি আবারও কাজে ফিরবো। আমি আসলে স্বস্তি নিয়ে বাঁচতে চাই।”
মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যায় রাজধানীর ডিবি কার্যালয় থেকে বেরিয়ে সাংবাদিকদের নায়িকা পরীমনি এইসব কথা বলেন।
অভিনেত্রী পরীমনি বলেন, “আমার সঙ্গে যা হয়েছে, আমি আশাবাদী, আমি এর ন্যায়বিচার পাবো। পুলিশ ম্যাজিকের মতো কাজ করেছে। আসামিদের গ্রেফতার করেছে। আমি সেদিন বলেছিলাম যে, আমাকে একটু আইজিপি মহোদয়ের সঙ্গে কথা বলার সুযোগ করে দিন। উনি আমার কথা শুনলে নিশ্চয়ই আমি ন্যায়বিচার পাবো। এজন্য আমি শিল্পী সমিতি, পরিচালক-প্রযোজক সমিতির নেতাদের সহযোগিতা চেয়েছিলাম। তারা আমাকে সহযোগিতা করেননি। কিন্তু আইজিপি বিষয়টি জানতে পেরে ব্যবস্থা নিয়েছেন। আমি সবাইকে ধন্যবাদ জানাই।”
ডিবির যুগ্ম কমিশনার হারুন অর রশিদ বলেন, “আমরা পরীমনির কাছে ঘটনা নিয়ে কথা বলেছি। আমরা তাকে আশ্বস্ত করেছি, তার যে অভিযোগ, তা যথাযথভাবে তদন্ত করে ব্যবস্থা নেবো। পরীমনিকে আমরা আশ্বস্ত করেছি। তাকে নির্ভয় দিয়েছি।”
এর আগে মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার পর তিনি মিন্টো রোডে ডিবি কার্যালয়ে যান। এ দিন দুপুরে ডিবি পুলিশের পক্ষ থেকে তার দায়ের করা ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলার তদন্তের জন্য কথা বলতে ডিবি পুলিশের কার্যালয়ে ডাকা হয় চিত্রনায়িকা পরীমনিকে।
উল্লেখ্য, সাভার থানায় নির্যাতন ও ধর্ষণচেষ্টার অভিযোগে নাসির উদ্দিন মাহমুদসহ ৬ জনের নামে মামলা দায়ের করেন নায়িকা পরীমণি। সোমবার (১৪ জুন) দুপুরে পরীমণি নিজে বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
এমবি





