বাংলা চলচ্চিত্রের সোনালি দিনের নায়ক ওয়াসিম আর নেই।

শনিবার (১৭ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান খবরটি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “অনেক দিন ধরেই ওয়াসিম ভাই বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। তিনি চিকিৎসাধীন ছিলেন রাজধানীর শাহাবউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে। আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি।”

একসময়ের দর্শকপ্রিয় এই নায়ক বেশ কিছুদিন ধরে অসুস্থ হয়ে বাসাতেই ছিলেন। হাঁটতে পারতেন না বলে বিছানাতে শুয়ে-বসে দিন কেটেছে তাঁর। সম্প্রতি ভর্তি করা হয় হাসপাতালে।

জায়েদ খান জানান, ওয়াসিম করোনায় আক্রান্ত ছিলেন না।

১৯৭৩ থেকে ১৯৯০ সাল পর্যন্ত চলচ্চিত্রে শীর্ষ নায়কদের একজন ছিলেন ওয়াসিম। ফোক ফ্যান্টাসি আর অ্যাকশন ছবির অপ্রতিদ্বন্দ্বী অভিনেতা ছিলেন তিনি। অভিনয় জীবনে ১৫২টির মতো ছবিতে অভিনয় করেছেন তিনি। আর নায়ক হিসেবে তার যাত্রা শুরু হয় মহসিন পরিচালিত ‘রাতের পর দিন’ সিনেমার মাধ্যমে।

এমবি