নবাগতা চিত্রনায়িকা অমৃতা খান এবার প্রতারণার অভিযোগ আনলেন। আগামী ৩ এপ্রিল মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত ''পাগলা দিওয়ানা'' ছবিটি। ছবির পরিচালক ওয়াজেদ আলি সুমনের বিরুদ্ধেই প্রতারণার অভিযোগ করলেন তিনি।
ছবির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন পরী মণি এবং শাহ রিয়াজ। ছবিতে চুক্তিবদ্ধ করার সময় প্রধান নায়িকা হিসেবে তাকে রাখার কথা বললেও পরে পরিচালক তার কথা রাখেননি বলে দাবি করেন তিনি।
এ নিয়ে গতকাল সোমবার অমৃতা নিজের ফেসবুক স্ট্যাটাসে লেখেন, ''নির্মাতা ওয়াজেদ আলি সুমন ও প্রযোজক মিজান সিনেমা শুরুর আগে আমার বাসায় এসে সাইনিং মানি দিয়ে যায়। তারপর বলে এই ছবিতে আমি নাকি মেইন হিরোইন, তারপর আরেক নায়িকাকে কাস্ট করা হবে তিনি সেকেন্ড রোল প্লে করবে। কিন্তু দূর্ভাগ্যবশত যখন শুটিং শুরু করা হয় তখন দুই থেকে তিনদিন শুটিং করার পরে কেন জানি মনে হচ্ছিলো এইখানে আমার সাথে চিটিং করছে। তারপর ডিরেক্টর ওয়াজেদ আলি সুমন ভাইকে বললাম আগেই বলে দেন এই মুভির মেইন হিরোইন কে?
তারপর তিনি বললেন, দুইজন নায়িকা, সমান চরিত্রের। ঠিক আছে সেটাও মেনে নিলাম। তারপর দেখলাম সেকেন্ড হিরোইনই থেকে গেলাম। আমার উচিত ছিলো শ্যুটিং বাদ দিয়ে চলে আসা, এইসব চিটার বাটপারের সঙ্গে কাজ না করা। কিন্তু কি করবো যারা চিটিং করসে তাদের দোষ পড়বে না। একটা ব্যাড রেপুটেশান হবে চিত্রনায়িকা অমৃতা খান শিডিউল ফাঁসায়। আমি ইন্ডাস্ট্রিতে সেকেন্ড হিরোইন হিসেবে কাজ করতে আসিনি।''
অমৃতা অভিযোগ করেন , শুধু দ্বিতীয় নায়িকা হিসেবেই না পোষ্টারেও তাকে অশ্লীলভাবে প্রদর্শন করা হয়েছে। অমৃতা পোষ্টার থেকে তার ছবি সরিয়ে নেয়ার অনুরোধ জানিয়েছেন।
এদিকে ছবির পরিচালক অমৃতার এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন।
উল্লেখ্য, চলতি বছরের ২ জানুয়ারি ''গেইম'' ছবির মাধ্যমে বড় পর্দায় নায়িকা হিসেবে অভিষেক ঘটে অমৃতার।
ইআর





