“পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান” মুভির অভিনেত্রী কিরা নাইটলির সাক্ষাৎকার নিতে গিয়েছিলেন হারপার বাজার সাময়িকীর প্রতিবেদক লিডিয়া স্ল্যাটার। লন্ডনের রাস্তায় হাঁটতে হাঁটতেই কথা বলছিলেন তাঁরা। আলাপের অন্যতম বিষয় ছিল “নারীবাদ”।

সাক্ষাৎকারে কিরা জানালেন, তিনি যখন বেড়ে উঠছিলেন, কেউ তাঁকে বলেননি যে চাইলে তিনিও ফুটবলার হতে পারেন। নারীর প্রতি বৈষম্যমূলক আচরণের এসব ব্যাপারে দেরিতে হলেও সোচ্চার হয়েছিলেন তিনি।একসময় ‘ক্রমবর্ধমান ও অনিবার্য হয়রানি’ নিয়ে কথা ওঠে। কমবেশি বিশ্বের প্রায় সব দেশের নারীই যার শিকার।

মেয়েরা রাস্তাঘাটে প্রায়ই হয়রানির শিকার হন। এসব নিয়ে কথা বলতে বলতে নিজেই হয়রানির শিকার হলেন “পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান” অভিনেত্রী। এসময় এক পথচারি তাঁকে টিজ করতে থাকে। লম্বাচওড়া একটা লোক তাঁদের পিছে পিছে আসতে আসতে বলতে থাকে, ‘তোমাকে খুব পিচ্চি দেখাচ্ছে। এখনো স্কুলে যাও নাকি?’ কিরা নাইটলি কিন্তু দমে যাননি। বরং বিনয়ের সঙ্গে জবাব দিয়েছেন, ‘ধন্যবাদ।’ তবু লোকটি তাঁদের অনুসরণ করতে থাকে।

এ ঘটনায় আগের আলোচনার সূত্র ধরে কিরা বলেন, ‘এ অবস্থার পরিবর্তন দরকার। পরের প্রজন্মের নারীদের জন্য আমাদেরই সেটা করে যেতে হবে।’
পরিচালক ক্যামিল গ্রিফিনের “কনসেপশন” নামে একটি নতুন ছবিতে কাজ করতে যাচ্ছেন কিরা নাইটলি। তিনি এর আগে এই পরিচালকের “সাইলেন্ট” নাইট ছবিতে কাজ করেছেন। তথ্যসূত্র:স্ক্যারি মমি।
হোসাইন নূর