সম্প্রতি নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন অভিনেত্রী প্রসূন আজাদ। ''মুসাফির'' শিরোনামে ছবিটি পরিচালনা করছেন আশিকুর রহমান। প্রথমদিকে শোনা গিয়েছিল অ্যান্টিহিরোইন হিসেবে ছবিতে দেখা যাবে তাকে।
তবে পুরোটা নয় ছবির শুরুর দিকেই তাকে অ্যান্টিহিরোইন হিসেবে দেখবেন। আসলে ছবিতে তিনিই নায়িকা হিসেবে থাকছেন বলে জানা গেছে।
এ সম্পর্কে প্রসূন জানালেন,''ছবির প্রথম দিকে আমি খুব দজ্জাল মেয়ে থাকি। সারাক্ষণ নায়ককে উত্ত্যক্ত করি। একটা সময় নিজের ভুল বুঝতে পারি। পরে আমার ও নায়কের মধ্যে সমঝোতা হয়। প্রথমে ছবিটি দেখলে কেউই বলতে পারবেন না যে আমি নায়িকা হিসেবে রয়েছি। তবে পরে ঘটনার একপর্যায়ে দর্শক আমিই আসল নায়িকা বিষয়টি বুঝতে পারবেন।''
এরই মধ্যে ঢাকায় ছবির শুটিং শুরু হয়েছে। এতে প্রসূনের বিপরীতে রয়েছেন আরেফিন শুভ। উল্লেখ্য, প্রসূনের প্রথম ছবি ছিল ''সর্বনাশা ইয়াবা'' গেল বছর মুক্তি পায়। তার অভিনীত দ্বিতীয় ছবি ''অচেনা হৃদয়'' আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে মুক্তি পাবে।
ইআর





