বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ আবারও পুত্রসন্তানের বাবা হলেন।
৭ জুলাই (বুধবার) সকালে এই জনপ্রিয় সংগীতশিল্পীর ঘর আলো করে আসে পুত্র সন্তান। রাজধানীর একটি হাসপাতালে হাবিবের ৩য় স্ত্রী শিফা এই ছেলের জন্ম দেন।
গত ১২ জানুয়ারি হঠাৎ করেই ৩য় বিয়ের খবর জানান, জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ। পাত্রীর নাম আফসানা চৌধুরী শিফা। রাজধানীর ইডেন মহিলা কলেজের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী। তিনিও শোবিজের সঙ্গে জড়িয়ে আছেন। কাজ করেন মডেল হিসেবে।
এ বিষয়ে কথা বলার জন্য হাবিবকে কল দিলেও তাকে পাওয়া যায়নি। তবে তার বাবা ফেরদৌস ওয়াহিদ সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আমি এখন গ্রামের বাড়ি বিক্রমপুরে আছি। তবে শুনেছি হাবিবের ছেলে হয়েছে। এর বেশি কিছু আপাতত জানি না।’ হাবিবের পারিবারিক একটি সূত্র জানিয়েছেন হাবিব তার ছেলের নাম রেখেছেন ‘আয়াত’।
উল্লেখ্য, হাবিব ২০০৩ সালে প্রথম বিয়ে করেন লুবায়না নামের একজনকে। প্রেমের সেই বিয়ের সংসারে মনের অমিলের কারণে বিচ্ছেদ ঘটে অল্প সময়ের ব্যবধানে।
এরপর ২০১১ সালের ১২ অক্টোবর পারিবারিক পছন্দে হাবিব বিয়ে করেন চট্টগ্রামের মেয়ে রেহানকে। সে সংসারও ভেঙে যায় ২০১৭ সালের ১৯ জানুয়ারি। সেই ঘরেও আলিম ওয়াহিদ নামে হাবিবের ১ পুত্র সন্তান রয়েছে।
এইচএন





