গুলশানের আজাদ মসজিদে চিত্রনায়িকা পারভীন সুলতানা দিতির প্রথম জানাজা সম্পন্ন হয়েছে। রবিবার বাদ এশা এ জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় দিতির স্বজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা অংশ নেন। এরপর দিতির মরদেহ ইউনাইটেড হাসপাতালের হিমঘরে নিয়ে যাওয়া হয়।
সোমবার সকালে ৮টায় দিতির মরদেহ তার গুলশানের বাসায় নিয়ে যাওয়া হবে। সেখানে দ্বিতীয় জানাজার পর সকাল ১০টায় দীর্ঘদিনের কর্মস্থল চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব মুশফিকুর রহমান গুলজার। সেখানে হবে আরেকটি জানাজা।
এরপর দিতির মরদেহ নিয়ে যাওয়া হবে তার নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের গ্রামের বাড়িতে। বাদ জোহর চতুর্থ ও শেষ জানাজার পর শেষ ইচ্ছে অনুযায়ী দিতিকে পারিবারিক কবরস্থানে বাবার কবরের পাশে সমাহিত করা হবে।
ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার বিকেল ৪টা ৫ মিনিটে মারা যান দিতি। তিনি বেশ কিছুদিন ধরে কোমায় ছিলেন। তার মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। তিনি এক মেয়ে লামিয়া চৌধুরী ও এক ছেলে দীপ্ত এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এমবি





