'পিয়া কা ঘর হ্যায় ইয়ে রানী হু ম্যায় রানী হু ঘর কি'-লতা মঙ্গেশকরের এই মেলোডি গানের কথা মিলে গেছে যশরাজ ফিল্মসে রানী মুখার্জির নতুন পদবীর সঙ্গে।
চোপড়া পরিবারের নতুন এই সদস্য বেশ জোরেসোরে দায়িত্ব সামলানোর কাজে নেমে পড়েছেন।
শুধু আঁচলে বাড়ির চাবি রাখাই নয়, বর আদিত্য চোপড়ার প্রযোজনা প্রতিষ্ঠানের সাম্রাজ্যেও রানীর আসনেই বসতে যাচ্ছেন ৩৬ বছর বয়সী এই অভিনেত্রী।
চোপড়া পরিবারের ঘনিষ্ঠ একটি সূত্র বলিউড হাঙ্গামা ওয়েবসাইটকে জানিয়েছে, শিগগিরই একটি ছবি পরিচালনা করবেন রানী। এর চিত্রনাট্য তৈরি হয়েছে তার ভাবনা নিয়েই। পরিচালক হিসেবে এরই মধ্যে মহড়াও শুরু করে দিয়েছেন তিনি।
যশরাজ ফিল্মস প্রযোজিত 'মারদানি' ছবিতে অভিনয়ের সময় কিছু দৃশ্যধারণের নির্দেশনা দিয়েছেন রানী। অভিনয় শিল্পীদের দৃশ্য বুঝিয়ে দেওয়া, ক্রুদের কাজে মনোযোগী করাসহ সবকিছুতেই মুখ্য ভূমিকা রাখছেন তিনি। প্রদীপ সরকারকে সহযোগী পরিচালক আর রানীকে ছবিটির মূল পরিচালক হিসেবে ধরে নিলে ভুল হবে না!
'মারদানি' ছবির এক অভিনয়শিল্পী হেসে বললেন, 'রানীই এখন বস। এ নিয়ে মোটেও সংকোচ নেই তার।'
যশরাজ ফিল্মসের ছবির একজন নিয়মিত অভিনয় শিল্পী জানান, ছবি পরিচালনার জন্য প্রস্তুত হচ্ছেন রানী মুখার্জি।
তবে নিজের পরিচালিত ছবিতে তিনি অভিনয়ও করবেন কি-না তা বোঝা যাচ্ছে না। সম্ভবত না। কারণ পরিচালনা ও অভিনয় দুটো একসঙ্গে সামলাতে গেলে বেশ হিমশিম খেতে হবে তাকে।
তাছাড়া শ্বশুরবাড়ির কাজকর্ম আর নিজের বাবা-মাকে দেখভালও করতে হয় তাকে।
শিগগিরই নিজের বন্ধুবান্ধবদের জন্য বিবাহোত্তর পার্টির আয়োজন করবেন রানী মুখার্জি। সম্প্রতি আদিত্য চোপড়া ও তিনি ইতালি থেকে মুম্বাইয়ে ফেরার পর নিজেদের বাংলোতে একটি ঘরোয়া অনুষ্ঠানে ঘনিষ্ঠদের নিমন্ত্রণ করেন রানীর শাশুড়ি পামেলা চোপড়া।
[b]ঢাকা, ২৩ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]