দীর্ঘদিন পর মঞ্চে ফিরলেন প্রিয়দর্শিনী অভিনেত্রী অপি করিম। তিনি 'নাম গোত্রহীন' শিরোনামে নাটকের মাধ্যমেই আবারো মঞ্চে নিয়মিত হলেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় অপি করিমের টানে রীতিমতো জাতীয় নাট্যশালা সরগরম হয়ে উঠেছিল। নাগরিক নাট্য সম্প্রদায়ের নতুন প্রযোজনা নাটকটি নির্দেশনা দিয়েছেন কলকাতার প্রখ্যাত নাট্যজন উষা গাঙ্গুলী।
এ প্রসঙ্গে অপি করিম জানান, বেশ ক'বছর আগে 'রক্তকরবী' নাটকে সর্বশেষ অভিনয় করেছিলাম। এরপর টিভি নাটক এবং ব্যক্তিগত ব্যস্ততার কারণে মঞ্চে কাজ করা হয়নি। তবে অনেকদিন পর মঞ্চে অভিনয়টা বেশ ইনজয় করেছি। তবে থিয়েটারটি দর্শকপূর্ণ দেখে দারুন ভালো লেগেছে। তাই এখন থেকে মঞ্চে নিয়মিত কাজ করতে চাই। এ নাটকটি দেশের বাইরেও মঞ্চস্থ করার ইচ্ছে রয়েছে।
এদিকে আরণ্যকের নাট্যকর্মী অপু মেহেদী বলেন, ‘অপি করিমের মতো জনপ্রিয় অভিনেত্রীদের মঞ্চে সম্পৃক্ততা অবশ্যই ইতিবাচক। কারণ অপি করিমের জন্য হলেও দর্শক মঞ্চমুখী হচ্ছে।’
সাদাত হাসান মান্টোর গল্প অবলম্বনে মানুষের যাপিত জীবনের গল্প নিয়ে নাটকটির পটভূমি গড়ে উঠেছে। এতে অপি ছাড়াও আরো অভিনয় করেন নন্দিত অভিনেত্রী সারা যাকের,পান্থ শাহরিয়ার,শ্রিয়া সর্বজয়া,জামানসহ আরো অনেকে। এ নাটকের মাধ্যমে দীর্ঘদিন পর মঞ্চে ফিরেছেন সারা যাকের। আর প্রথমবারের মতো মঞ্চে অভিনয় করলেন সারা যাকেরের মেয়ে শ্রিয়া সর্বজয়া।
বর্তমানে অপি করিম হাফডজন ঈদের নাটকের শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন। ইতোমধ্যে কয়েকটি নাটকের স্ক্রিপ্টও হাতে পেয়েছেন। এছাড়া চলতি মাসেই তানিম রহমান অংশু ও গৌতম কৈরী দুটি নাটকের শুটিং শেষ করেছেন। এর পাশাপাশি ঈদের বিশেষ অনুষ্ঠানমালার কয়েকটি নৃত্যানুষ্ঠানেও দেখা যাবে তাকে।
ঢাকা, ২৯ জুন (টাইমনিউজবিডি.কম) // কেএইচ





