এটিএন বাংলায় শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক-ভুল সবই ভুল।
মীর্জা রাকিব এর রচনা এবং শেখ রুনার পরিচালনায় ধারাবাহিকটি আজ শনিবার (১৪ জুন) থেকে প্রতি শুক্র ও শনিবার রাত ৮টায় প্রচার হবে।
ভারতীয় টিভি ধারাবাহিকগুলোর ধাঁচে পারিবারিক সেন্টিমেন্ট নিয়ে নির্মিত হয়েছে ধারাবাহিকটি। এতে অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, আফরোজা বানু, মিমো, সামস সুমন, নাফিজা, শাহরিয়ার শুভ, অহনা, মাহমুদ সাজ্জাদ, সাবেরী আলম, মেহেদী হাসান পিয়াল, অসীমসহ আরো অনেকে।
মীর্জা সাহেব, বেগম সাহেবার ইচ্ছার বিরুদ্ধে মায়াকে পুত্রবধূ করে আনার পর জ্যোতিষ আনসারী সাহেবের সব ভবিষ্যদ্বাণী ফলতে থাকে। যার প্রথম ঘটনা, মীর্জা সাহেবের অপ্রত্যাশিত মৃত্যু। বিধবা মীর্জা বেগম পুত্রবধূর প্রতি অসহিষ্ণু হয়ে অনেকটা দজ্জাল শাশুড়ির রূপ ধারন করেন। মায়া হয়ে যায় জগতের সবচেয়ে অসুখী একজন পুত্রবধূ। কারণ তিনি জানেন, সংসারের সব ধ্বংসের কারণ রাহুগ্রস্থ মায়া; কিন্তু গল্পের শেষে গিয়ে দেখা যায়, তার জানাটা আসলে ভুল।
কী ভুল, কতটুকু ভুল, কার ভুল? এসব প্রশ্নের সমাধান দিতেই এগিয়ে যায় গল্প। গল্পটি একটি পারিবারিক দ্বন্দ্ব সংঘাতের গল্প। যার উপস্থাপনায় একটি নতুন বিষয়কে সামনে নিয়ে আসা হয়েছে।
ঢাকা, ১৪ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই





