শখ-নিলয় দুজনই ছিলেন নবাগত। এনটিভির ‘সুপার হিরো-হিরোইন’ প্রতিযোগিতার ‘সুপার হিরো’ হয়ে আবির্ভাব নিলয়ের। আর মডেলিং জগত পার করে শাকিব খানের সঙ্গে ‘বলো না তুমি আমার’ ছবি দিয়ে শখের শুরু। তারপর ‘অল্প অল্প প্রেমের গল্প’ ছবি করতে যেয়ে তাদের দেখা। সেই থেকে বাস্তব প্রেমও জমে ক্ষির।
এরপর বিনোদন পাড়ার অন্য দশজনের মতো চিরাচরিত পথে হাঁটেন শখ-নিলয়। ছবির কাজ শেষ হতে না হতেই শেষ হয়ে যায় তাদের প্রেমকাহিনী।
প্রায় তিন বছর বাদে মুক্তি পাচ্ছে শখ-নিলয়ের অল্প অল্প প্রেমের গল্প ছবিটি। এই ছবির প্রচারণায় অংশ নিতে গিয়ে আবার দেখা হলো শখ আর নিলয়ের। একটু কথাও হয়েছে বৈকী। অন্তরঙ্গতা ছিল না ঠিকই, তবে দুজনের চোখে-মুখেই দেখা গেছে অতীতের সেই সব দিনের স্মৃতির ঝলক। আর তাতেই ঢালিউড পাড়ার নতুন গুঞ্জণ তবে কী জোড়া লাগতে যাচ্ছে তাদের ভাঙা প্রেম!
এমন প্রশ্নের উত্তর অবশ্য পাওয়া যায়নি শখের কাছ থেকে। প্রশ্নটি এড়িয়ে গিয়ে বললেন, অল্প অল্প প্রেমের গল্প ছবির প্রচারণার জন্য আরেকটি টিভি চ্যানেলে যেতে হবে। সেখানে নিশ্চয়ই নায়িকার সঙ্গে নায়কও থাকবেন। যদি তাই হয়, তবে এই ছলে আরেকবার দেখা হবে তাদের। আরেকবার সম্ভাবনা জাগবে ভাঙা প্রেম জোড়া লাগার।
ঢাকা, ২৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম,এসএইচ





