কলকাতার বেল ভিউ হাসপাতালে চিকিৎসাধীন অভিনেত্রী সুচিত্রা সেনের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। সংকট পুরোপুরি না কাটলেও তাঁর অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, সুচিত্রা সেনের হূত্স্পন্দন ও শ্বাসকষ্ট নিয়ন্ত্রণে এসেছে। যদিও এখনো তাঁকে আইসিইউতেই রাখা হয়েছে।
চিকিৎসকেরা এও জানিয়েছেন, শরীরে পটাশিয়ামের মাত্রা কমে যাওয়াতেই তাঁর হূত্স্পন্দন বেড়ে গিয়েছিল। সুগারের ওঠানামাও অনিয়মিত হয়ে পড়েছিল।
এদিকে সুচিত্র সেনের শারীরিক অবস্থা সম্পর্কে মেডিকেল বোর্ডের বুলেটিনে সোমবার রাতে জানানো হয়েছে, তাঁর রক্তচাপ ও হৃদস্পন্দন সন্তোষজনক। রক্ত পরীক্ষার ফলাফলও সন্তোষজনক।
গতকাল সোমবার ভোরে সুচিত্রা সেনের চোখের ছানি অপারেশনের কথা ছিল। তা নিয়ে উৎকণ্ঠায় ছিলেন তিনি। উৎকণ্ঠা কাটাতে তাঁর কাউন্সিলিং করা হচ্ছে। শারীরিক অবস্থা ভালো থাকলে আজ মঙ্গলবার তাঁকে বিশেষ কেবিনে নিয়ে যাওয়া হতে পারে।
হঠাত্ করেই সুচিত্রা সেনের শারীরিক অবস্থার অবনতি হয় ২২ ডিসেম্বর রোববার সন্ধ্যার পর। শ্বাসকষ্টের সমস্যা দেখা দিলে পরদিন ২৩ ডিসেম্বর সুচিত্রা সেনকে কলকাতার বেল ভিউ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রাখা হয় তাঁকে। তখন তিনি সর্দি, জ্বর, কাশি আর শ্বাসকষ্টে ভুগছিলেন।
সুচিত্রা সেনের ফুসফুসে পানি জমেছে। ডায়াবেটিস থাকায় তাঁর শারীরিক অবস্থা আরও বেশি জটিল আকার ধারণ করেছে। তাঁর হার্ট ও কিডনির অবস্থাও ভালো নয়। ফলে সতর্কতার সঙ্গে চিকিৎসা দিতে হচ্ছে।
হাসপাতালের চিকিৎসক সুব্রত মৈত্রের তত্ত্বাবধানে আছেন সুচিত্রা সেন। তাঁর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় চিকিত্সার দেওয়ার জন্য পাঁচ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয় ২৭ ডিসেম্বর শুক্রবার। মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তাঁকে চিকিৎসা দেওয়া হচ্ছে। সুচিত্রা সেনের বয়স এখন ৮২।





