'ফাইন্ডিং ফ্য্যাানি’ সিনেমায় দিপিকা পাড়ুকোনের মুখে উচ্চারিত একটি শব্দ নিয়ে পড়ে গিয়েছিল হৈ চৈ। ভারতের সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) সিনেমার পরিচালক হোমি আদাজানিয়াকে সাফ জানিয়ে দিয়েছিল, ঐ শব্দটি বাদ না দিলে সব বয়স্কের জন্য উপযোগী সিনেমা হিসেবে ছাড় মিলবে না। অবশেষে খোদ সিবিএফসির চেয়ারম্যানই শব্দটি সিনেমায় রাখার অনুমোদন দিলেন।

সিনেমার একটি দৃশ্যে দিপিকা পাড়ুকোন অর্জুন কাপুরকে বলেন, “আমি কুমারী”। আর এই ‘কুমারী’ শব্দটিই অশ্লীল ঠেকে সিবিএফসির কর্মকর্তাদের কাছে। সমস্যা হচ্ছে সিনেমাটির ট্রেইলারে সংলাপটি ছিল এবং সে ব্যাপারে তারা কোনো আপত্তিও করেননি। ঐ সংলাপসহ ট্রেইলারটি ভিডিও শেয়ারিং ওয়েবসাইট ইউটিউবে প্রকাশিত হয়েছে এবং বিভিন্ন টেলিভিশন চ্যানেলেও প্রদর্শিত হচ্ছে।

আর এ কথাটিই চিঠি লিখে সিবিএফসির চেয়ারম্যান লিলা স্যামসনকে জানান আদাজানিয়া। মুম্বাইভিত্তিক দৈনিক মুম্বাই মিররকে তিনি জানান, “আমরা আমাদের সমস্যার কথা জানিয়ে লিলা স্যামসনকে চিঠি লিখি। আমরা সংলাপটি বাদ দেয়ার বিপক্ষে ছিলাম না। আমরা কেবল একটু বিভ্রান্ত হয়ে পড়েছিলাম তাদের দ্বিমুখী আচরণে। কারণ ট্রেইলার থেকে সংলাপটি বাদ দিতে বলা হয়নি। আমরা এ বিষয়ে স্পষ্টতা চাচ্ছিলাম। তিনি আমাদের সঙ্গে সম্মত হন এবং বলেন, যদি আগে সংলাপটি বাদ দেওয়া না হয়, তবে এখনও বাদ দেওয়া যাবে না।”

এদিকে লিলা স্যামসন বলেন, “পরিচালক আমাকে জানানোর আগে সিনেমাটির ব্যাপারে আমি কিছুই জানতাম না। তাদের অনুরোধ ন্যায়সঙ্গত ছিল। একটি ভুল হয়েছিল এবং তা শোধরানোর প্রয়োজন ছিল। আমি যথাযথ পদক্ষেপ নিয়েছি।

ঢাকা, ৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই