নতুন আঙ্গিকে শুরু হতে যাচ্ছে মেধাভিত্তিক কোটি কোটি টাকা জেতার অনুষ্ঠান ‘কৌন বনেগা ক্রোড়পতি’র অষ্টম আসর। গুরুগম্ভীর ভাবের পরিবর্তে হাসি আর আড্ডায় সাজানো হচ্ছে এবারের আয়োজন। এর পৃথক দুটি পর্বে সঞ্চালক অমিতাভ বচ্চনের মুখোমুখি হয়েছেন দুই বোন প্রিয়াঙ্কা চোপড়া ও পরিণীতি চোপড়া।

জানা গেছে, প্রিয়াঙ্কার ‘মেরি কম’ ও পরিণীতির ‘দাওয়াত-এ-ইশক’ ছবি দুটি মুক্তি পাবে একই দিনে (৫ সেপ্টেম্বর)। নিজেদের নতুন ছবির প্রচারের অংশ হিসেবে তারা বসেছেন ‘কেবিসি’র হটসিটে। ৭১ বছর বয়সী অমিতাভের সঙ্গে নেচেছেন পরিণীতি। ‘মেরি কম’-এ প্রিয়াঙ্কা অভিনয় করেছেন অলিম্পিক পদকজয়ী বক্সারের ভূমিকায়। তাই বিগ বির সঙ্গে বক্সিংয়ের ভঙ্গিতে রসিকতা করেছেন তিনি।

‘কৌন বনেগা ক্রোড়পতি’র এবারের আসরকে নতুনভাবে সাজাতে পাল্টে গেছে নিয়মকানুন। প্রশ্নের ধরণ এবং লাইফলাইনে আনা হয়েছে পরিবর্তন। তাই প্রথম পর্ব শুরু হবে হাসিঠাট্টা দিয়ে। সেজন্যই প্রথম পর্বের অতিথি হাসির অনুষ্ঠান ‘কমেডি নাইটস উইথ কপিল’-এর সঞ্চালক কপিল শর্মা। সব মিলিয়ে নাচে, গানে, আড্ডায় নতুন ‘কেবিসি’ প্রচার হবে সনি টিভিতে আগামী ১৭ আগস্ট থেকে।

ঢাকা, ৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই