চিরনিদ্রায় শায়িত হলেন জনপ্রিয় অভিনেতা আব্দুল কাদের।
শনিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা ৫টা ৩৫ মিনিটে রাজধানীর বনানী কবরস্থানে দ্বিতীয় জানাজা শেষে মায়ের কবরের পাশে তাঁর দাফন সম্পন্ন হয়েছে।
আব্দুল কাদেরের পুত্রবধূ জাহিদা ইসলাম জেমি এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি সবাইকে দোয়া করতে অনুরোধ করেছেন।
আব্দুল কাদের এভারকেয়ার হাসপাতালে আজ সকাল ৮টা ২০ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন। আজ বাদ জোহর রাজধানীর মিরপুর ডিওএইচএস সেন্ট্রাল মসজিদে আব্দুল কাদেরের প্রথম জানাজা সম্পন্ন হয়। জানাজায় অংশ নেন অভিনেতার আত্মীয়-স্বজন, ঘনিষ্ঠজন ও মসজিদের মুসুল্লিরা।
দুপুর ৩টার দিকে আব্দুল কাদেরের মরদেহ সহকর্মী ও সর্বস্তরের মানুষকে শ্রদ্ধা জানানোর জন্য মিরপুর থেকে রাজধানীর সেগুনবাগিচার বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে নেওয়া হয়।
সেখানে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, নাট্যব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, ফেরদৌসী মজুমদার, ত্রপা মজুমদার, রামেন্দু মজুমদার, এস এ হক অলিকসহ অনেকেই আব্দুল কাদেরকে শ্রদ্ধা জানান।
শিল্পকলায় প্রয়াত আব্দুল কাদেরকে ঘিরে শ্রদ্ধার আয়োজন শেষ হয় ৪টা ৫মিনিটে। এরপর আব্দুল কাদেরের মরদেহ নেওয়া হয় রাজধানীর বনানী কবরস্থানে। সেখানে তাঁর দ্বিতীয় জানাজা হয়। এরপর দাফন সম্পন্ন হয়।
আব্দুল কাদেরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো: আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিনোদন ও অন্যান্য অঙ্গনের মানুষেরাও প্রয়াতের মৃত্যুতে গভীর শোক ও তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।
এমবি





