এবার এক অনুষ্ঠানেই দেখা যাবে ৩৬ সেলিব্রেটিকে। প্রথমবারের মতো এমন বিশাল আয়োজন দেখা যাবে একটি রিয়ালিটি শো-তে।       এটিএন বাংলায় শুরু হচ্ছে ব্যতিক্রমধর্মী এন্টাইটেইনিং রিয়েলিটি শো সিলন গোল্ড টুয়েন্টি ২০ স্টার। অনুষ্ঠানে ফিল্ম স্টার, টেলিভিশন স্টার, স্টার সিঙ্গার, স্টার ডিরেক্টর, স্টার মডেল এবং স্পোর্টস স্টার, মোট ছয়টি দল একে অপরের বিরুদ্ধে লড়াই করবেন।প্রতিটি দলে রয়েছেন ৬ জন করে খেলোয়ার এবং তাদের মধ্যে একজন অধিনায়ক।
এটিএন বাংলা ও অ্যাড স্রোত মিডিয়া'র যৌথ আয়োজনে নির্মিত অনুষ্ঠানটি দর্শকরা আজ (২৬ মে) থেকে টানা ১৮দিন রাত ৮টায় এটিএন বাংলায় অনুষ্ঠানটি উপভোগ করতে পারবেন। তাপস রায়ের গ্রন্থনা এবং নাভিদ মাহবুবের সঞ্চালনায় অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেছেন আশরাফুল ইসলাম রনি ও জিল্লুর রহমান।
অনুষ্ঠানটির প্রথম পর্বে আজ খেলা হবে স্পোর্টস স্টার এর সঙ্গে স্টার সিঙ্গার দলের। স্পোর্টস স্টার দলের দলনেতা হাবিবুল বাশার সুমন। অন্য সদস্যরা হলেন জাভেদ ওমর বেলিম, নাসির হোসেন, সানোয়ার হোসেন, এহসানুল হক এবং সাথিরা জাকির জেসি।
স্টার সিঙ্গার দলের দলনেতা ব্যান্ড তারকা বিপ্লব। দলের অন্য সদস্যরা হলেন পারভেজ, আরেফিন রুমি, জয়, নির্ঝর এবং মেহরাব।
ঘণ্টাব্যাপী এই অনুষ্ঠানের প্রতি পর্বে দুইটি দল মুখোমুখি হবে। সঞ্চালকের আহবানে দলনেতাদের টসের মাধ্যমে শুরু হবে অনুষ্ঠান। বোলিং টিমের একজন প্রশ্ন ছুঁড়ে দেবেন। ব্যাটিং টিম প্রশ্নের উত্তর দেবেন। সঠিক উত্তর এবং সেই উত্তর দেয়ার সময় বিবেচনা করে পয়েন্ট অর্থাৎ রান গণনা করা হবে।
ক্রিকেটের মতোই এই অনুষ্ঠানেও তারকারা প্রশ্নের উত্তর দিয়ে বাউন্ডারি, ওভার বাউন্ডারি মারার সুযোগ পাবেন। শুধু তাই নয়, উত্তর দিতে না পারলে তারকা ব্যাটসম্যান বোল্ড আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যাবেন। অনুষ্ঠানটির কথা বিবেচনা করে সেভাবেই মঞ্চ পরিকল্পনা করা হয়েছে।
শুধু তাই নয়, প্রশ্নত্তরপর্ব, সময় গণনা, নির্ভুল স্কোর ইত্যাদি নির্ধারণে সফটওয়্যারের সাহায্য নেয়া হয়েছে। দর্শকরা এ অনুষ্ঠানের মাধ্যমে ব্যাটিং পাওয়ার প্লে এবং বোলিং পাওয়ার প্লে-র উত্তেজনা উপভোগ করতে পারবেন।
[b]ঢাকা, ২৬ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]