আঁচল-বাপ্পির জুটিকে দর্শক সবসময় ভালোভাবেই নিয়েছেন হয়তো। তা না হলে কেন নির্মাতারা বারবার এই জুটিকে নিয়ে বাজি ধরবেন? রূপালি পর্দায় তাদের কেমিস্ট্রিও হয়তো বেশ জমজমাট। তা বোঝা যায় তাদের অভিনীত সিনেমাগেুলোর নাম থেকে।
এ জুটির অভিনীত প্রায় প্রতিটি সিনেমার সঙ্গে প্রেম কথাটি রয়েছে। যেমন- জটিল প্রেম, প্রেম প্রেম পাগলামি, কি প্রেম দেখাইলা, আজব প্রেম প্রভৃতি। সেই প্রেম থেকে বেরিয়ে তারা এর আগে অভিনয় করেছেন গুন্ডা : দ্য টেরোরিস্ট নামের একটি ছবিতে। সম্প্রতি সেই ছবির শুটিং সম্পন্ন হয়েছে। তা পুরোনো ঘটনা। নতুন খবর হল- আবারও তারা একটি সিনেমায় জুটি হয়ে কাজ করবেন। হিমেল আশরাফ পরিচালিত প্রথম সিনেমা ‘সুলতানা বিবিয়ানা’য় তাদের দেখা যাবে।
ছবির গল্প লিখেছেন ফারুক হোসেন, প্রযোজনা করছেন আরশাদ আদনান। আগামী ডিসেম্বর থেকে শুটিং শুরু হচ্ছে এ ছবিটির। এমনটাই জানিয়েছেন আঁচল।
এ বিষযে আঁচল জানান, ‘সুলতানা বিবিয়ানা’ একটি পুরোপুরি রোমান্টিক গল্প। এখানে আমি একজন মধ্যবিত্ত পরিবারের মেয়ে। আমার নাম থাকে সোনালী। আমি চঞ্চল প্রকৃতির মেয়ে। বাপ্পি থাকে পরদেশি এক ছেলে। সে আমাকে মনে মনে ভালোবেসে ফেলে। কিন্তু বলতে পারে না। কারণ সোনালীকে ভয় পায় পরদেশি ছেলে।
তবে এক পর্যায়ে ছেলেটি তার মনের কথা বলে সোনালীকে। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এই ভালোবাসাটা এমন এক পর্যায়ে চলে যায় যে এক সময় কোন বাধাই তাদের রুখতে পারে না। এভাবে এগিয়ে চলে সিনেমার গল্প।
জেআই





