বেশ কিছুদিন ধরেই তারিনকে সন্দেহ করছেন অপূর্ব। কিন্তু কেন? কারূণ জানতে দেখতে হবে ,মন, নামের একটি টেলিফিল্ম। বাংলা নববর্ষ উপলক্ষে এটিএন বাংলায় ১ লা বৈশাখ রাত ১১টায় প্রচারিত হবে বিশেষ টেলিফিল্ম 'মন'। ইরাজ আহমেদের রচনায় টেলিফিল্মটি পরিচালনা করেছন চয়নিকা চৌধুরী। অভিনয় করেছেন তারিন, অপূর্বসহ আরো অনেকেই।
টেলিফিল্মে দেখা যাবে, শায়নের জীবনে শুধু কাজ আর কাজ। মেঘলার জীবনে শুধু একা একা সময় পার করা। শায়ন আর মেঘলার বিয়ে হয়েছে বেশ কয়েক বছর। মেঘলা হাউজ ওয়াইফ। সারাদিন একা একা তার সময় কাটে। শায়ন অফিস, প্রমোশনের চিন্তা আর কাজ নিয়ে আছে। মেঘলা তাদের দুজনের পুরনো দিনের আনন্দময় সময়ের কথা ভাবে। ভেবে কষ্ট পায়।
এক সময় শায়ন হঠাৎ টের পায় মেঘলার কাছে মাঝে মাঝে একটা ফোন আসে। মেঘলা তার সামনে ফোনটা রিসিভ করে না। রাতে শায়ন ঘুমিয়ে গেছে ভেবে মেঘলা ফোন নিয়ে পাশের ঘরে চলে যায়। কারও সাথে কথা বলে। শায়নের মনে সন্দেহ তৈরী হয়। শায়ন কাজে মন দিতে পারে না। তার মনে হয় মেঘলা কারও প্রেমে পড়ে যায়নি তো? শায়ন মেঘলার গতিবিধির ওপর নজর রাখতে শুরু করে।
কিন্তু হাতেনাতে ধরতে পারে না মেঘলাকে। মেঘলাকে ফোন নিয়ে প্রশ্ন করে শায়ন। মেঘলা বলে রং নাম্বারের কথা। শায়ন কথাটা বিশ্বাস করে না। সে চেষ্টা করে মেঘলার গতিবিধির ওপর নজর রাখতে। এসব করতে গিয়ে তার অফিসের কাজে গোলমাল হতে শুরু করে।
একদিন শায়ন অফিসে যাওয়ার কথা বলে বাসার কাছে বসে থাকে মেঘলাকে ধরার জন্য। মেঘলাকে অনুসরণ করে শায়ন পৌঁছায় এক রেস্তোরাঁয়। সেখানে শায়ন এক ভিন্ন ঘটনার মুখোমুখি হয়। সে আবিষ্কার করে মেঘলা তার মনযোগ আকর্ষণ করার জন্য এতোদিন বানিয়ে বানিয়ে ফোনে কথা বলেছে। মিথ্যে অভিনয় করে গেছে শায়নের মনে ঈর্ষা তৈরীর জন্য। শায়ন নতুন এক মেঘলাকে আবিষ্কার করে। মেঘলার অভিমানের কান্না আর শায়নের আবিষ্কার দুজনকে নতুন জীবনের পথে নিয়ে যায়।
[b]ঢাকা, ১১ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]