সময়ের আলোচিত অভিনেতা অনন্ত জলিল।গ্রামীণফোনের আরও একটি বিজ্ঞাপনের শুটিং শেষ করলেন তিনি। ‘দিনকে রাত রাতকে দিন’ স্লোগানকে সামনে রেখে নির্মাণ হয়েছে বিজ্ঞাপনটি।

ঈদ উপলক্ষে প্রচার শুরু হবে এই বিজ্ঞাপনটি। প্রচারের আগেই বেশ আলোচনায় এসেছে এ বিজ্ঞাপনচিত্র।

এর আগে ‘অসম্ভবকে সম্ভব করাই অনন্তর কাজ’ এ স্লোগানকে সামনে রেখে গ্রামীণফোনের ব্যালান্স ট্রান্সফারের বিজ্ঞাপনে অভিনয় করে ব্যাপক আলোচিত হোন তিনি। এছাড়া আরও একটি আলোচিত বিজ্ঞাপন টেলিভিশনে প্রচার হচ্ছে।

এদিকে, তার হাত ধরে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে নতুন এক জুটির। অনন্ত জলিল পরিচালিত তিন নম্বর ছবি ‘দ্য স্পাই (অগ্রযাত্রার মহানায়ক)’ সিনেমাতেই দেখা যাবে এ জুটিকে। তবে সবাইকে একটু চমকে দেয়ার জন্যই এ জুটির নাম আপাতত গোপন রাখা হয়েছে।

নতুন এ জুটিকে জায়গা দেয়া মানেই অনন্তর বিদায় নয়। এ ছবিতে নতুন নায়ক-নায়িকা থাকলেও একটি এ সিনেমার নাম ভূমিকায় অভিনয় করবেন অনন্ত নিজেই।

বর্তমানে ছবির চিত্রনাট্য রচনার কাজ চলছে। এমএ জলিল অনন্তর নিজস্ব প্রযোজনা সংস্থা মনসুন ফিল্মসের ৭ নম্বর প্রযোজনা ‘দ্য স্পাই (অগ্রযাত্রার মহানায়ক)’।

ঢাকা, ২৪ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ