কৃষ্ণনগরে জয়ী তৃণমূল সাংসদ তাপস পাল। তিনি অবশ্য রাজনীতিতে হাত পাকিয়েছেন বেশ কয়েক বছর। বলা যায়, ছবির পর্দা থেকে এখন রাজনীতির ময়দানেই তাঁর আনাগোনা বেশি।
নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিএমের শান্তনু ঝাকে থেকে তিনি ৬৯৬০৪ ভোটে এগিয়ে রয়েছেন। প্রচার পর্বেই অবশ্য এর আঁচ পেয়েছিলেন টালিউডের এক সময়ের বক্স অফিস কাঁপানো নায়ক। তবে ভোটের দিন টিভির পর্দায় পুলিশের ওপর তাঁর হম্বিতম্বি নিয়ে কম জলঘোলা করেনি বিরোধী শিবির। কিন্তু সাফল্যের চেয়ে বড় সাফল্য যে আর হয় না। তাই শেষ হাসিটা হাসলেন সেই তাপসই।
রুপালি পর্দায় তাপস পালের একদা নায়িকা, বর্তমানে দলীয় সঙ্গী শতাব্দী রায়ের জয়ের পাল্লাটাও জয়ের দিকে। বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী এবারও তাঁর জয়ের ধারা অব্যাহত রাখতে চলেছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিএম প্রার্থী ডঃ এলাহি কামরে মহম্মদের চেয়ে ২২৪৭৩ ভোটে এগিয়ে রয়েছেন টলিউডের নায়িকা।
কিছু দিন হল প্রয়াত হয়েছেন বাংলা ছবির মহানায়িকা। তবে মাতৃশোক বুকে নিয়েও মমতার ডাকে ভোটের রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়েন বাংলা ছবির আরেক গ্ল্যামারাস নায়িকা মুনমুন সেন।
নির্বাচন কমিশনে জমা দেওয়া মনোনয়নপত্রে অবশ্য লিখতে হয়েছে পোশাকি নাম শ্রীমতী দেব বর্মা। তাতে কি! প্রচার পর্বে তাঁর সভায় ভিড় ছিল দেখার মতো। তার ওপরে মমতা ফ্যাক্টর। দুয়ে মিলে জয় প্রায় হাতের মুঠোয় মুনমুনের। নিকটতম প্রতিদ্বন্দ্বী দুঁদে বাম নেতা বাসুদেব আচারিয়ার থেকে তিনি ৪৮৪২৯ ভোটে এগিয়ে তিনি।
মেদিনীপুর কেন্দ্রেও এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী প্রবীণ অভিনেত্রী সন্ধ্যা রায়। বাম প্রার্থী প্রবোধ পান্ডার চেয়ে প্রায় ৬৭ হাজার ভোটে এগিয়ে রয়েছেন তিনি।
[b]ঢাকা, ১৬ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]