নাটকের নাম সিটিজেন পাত্রী। নাটকটি রচনা করেছেন জাকির হোসেন উজ্জ্বল ও পরিচালনা করেছেন জনপ্রিয় নাট্যাভিনেতা শামীম জামান।                    
আগামী ঈদ উল ফিতরে প্রচারের লক্ষ্যে শামীম জামান তার নিজস্ব প্রযোজনা সংস্থা শরৎ টেলিফিল্ম থেকে নাটকটি নির্মাণ করেছেন। সম্প্রতি ঢাকার উত্তরার একটি শুটিং হাউজে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে।
এ নাটকে সিটিজেন পাত্রী নায়লার প্রেমের ফাঁদে পড়ে বিয়ের লোভে সর্বস্ব হারায় তিন বন্ধু মোসাদ্দেক, নাসের ও রমিজ। নাটকে সিটিজেন পাত্রীর চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় নাট্যাভিনেত্রী অহনা রহমান লাকি। তিন বন্ধু মোসাদ্দেক, নাসের ও রমিজ চরিত্রে যথাক্রমে অভিনয় করেছেন শামীম জামান, জয়রাজ ও আ খ ম হাসান।
পরিচালক শামীম জামান বলেন, ঈদ এলে স্বাভাবিক ভাবেই শিল্পীদের ব্যস্ততা যেমন বেড়ে যায় ঠিক তেমনি আমার নিজেরও ব্যস্ততা অনেক বেড়ে যায়। তাই আমি একটু আগেই ঈদের নাটক নির্মাণ করেছি। নাটকের গল্পের সাথে বাস্তব জীবনের সাদৃশ্যতা খুঁজে পাবেন দর্শক। সেই সাথে দর্শক নাটকটি উপভোগ করবেন-এটা নিশ্চিত বলতে পারি। কারণ নাটকে প্রত্যেকেই খুবই সিরিয়াসলি অভিনয় করেছেন। অহনা বলেন, এ নাটকে আমার চরিত্রটি ভিন্ন। চ্যালেঞ্জিং একটি চরিত্র। অনেক মনোযোগ দিয়ে কাজটি করেছি। শামীম ভাই, জয়রাজ ভাই, হাসান ভাই প্রত্যেকেই সহযোগিতা করেছেন।
আ খ ম হাসান বলেন, এ নাটকে আমি সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলেছি। শুটিং-এর সময় আমরা অনেক মজা করতে করতেই অভিনয় করেছি।
এর আগে এই চারজন বন্ধু আমরা তিনজন, ডাক্তার জামাই,তিন তালা তিন চাবিসহ আরও কয়েকটি নাটকে একসঙ্গে অভিনয় করেন।
এদিকে শামীম জামানের পরিচালনায় বাংলা ভিশনে খুব শিগগিরই নতুন ধারাবাহিক নাটক হাটখোলা প্রচার হবে। অহনা এরইমধ্যে নতুন ধারাবাহিক নাটক পালঙ্ক-এর কাজ শুরু করেছেন।
জয়রাজও শুরু করেছেন নতুন ধারাবাহিক নাটক মাসুদ সেজান পরিচালিত চলিতেছে সার্কাস-এর কাজ।এতে সহশিল্পী হিসেবে তার সাথে আছেন মোশাররফ করিম, জুঁই করিম, মৌটুসী বিশ্বাসসহ আরও অনেকে।
অন্যদিকে আ খ ম হাসান সালাউদ্দিন লাভলুর পরিচালনায় ও আশরাফুল চঞ্চলের রচনায় আজরাঈল নাটকে অভিনয় করে দর্শক সমাদৃত হয়েছেন। একই পরিচালকের পরিচালনায় তিনি জামাই পাগল নাটকের সিক্যুয়াল এ অভিনয় করেছেন। এটি আসছে ঈদে বাংলা ভিশনে প্রচার হবে। এছাড়া আ খ ম হাসান অভিনীত ধারাবাহিক নাটক পরিবার করি কল্পনা, অলসপুর, কালার যথাক্রমে এনটিভি, আরটিভি ও এসএটিভিতে নিয়মিতভাবে প্রচার হচ্ছে।
[b]ঢাকা, ১৮ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]