তামিল নায়িকা হলেও বলিউডে সালমান খানের বিপরীতে ‘তেরে নাম’ ছবিতে অভিনয় করে বিশ্বব্যাপী পরিচিতি পেয়ে যান ভূমিকা চাওলা। ছবিটিতে অভিনয়ের মাধ্যমে বলিউড রাজ্যে তার সম্ভাবনা দেখা দিলেও হাতে তেমন কোনো ছবি আসেনি আর। তাই বাধ্য হয়েই দীর্ঘ বিরতিতে চলে যান এ নায়িকা।

বেশ লম্বা সময় বিরতির পর সম্প্রতি পর্দায় ফিরতে যাচ্ছেন এ নায়িকা। আলোচিত চলচ্চিত্র ‘এমএস ধোনি-দ্য আনটোল্ড স্টোরি’-তে অভিনয় করছেন ভূমিকা। ধোনির জীবনের গল্প দিয়েই অবসর ভাঙতে যাচ্ছেন ভূমিকা।

ছবিটি ভারতের জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির জীবনী নিয়ে নির্মিত। পরিচালনা করছেন নীরজ পান্ডে।

এ প্রসঙ্গে ভূমিকা বলেন, ‘ভালো লাগছে দীর্ঘ সময় পর আবার বলিউড চলচ্চিত্রে অভিনয় করতে। আর এই চলচ্চিত্রটি শুধু একটি চলচ্চিত্রই নয়। এটি এমন একজন বিজয়ী মানুষের জীবন-কাহিনী নিয়ে নির্মিত হচ্ছে, যার জীবন-কাহিনী থেকে অনেক কিছুই শেখার আছে বলে আমি মনে করি।’

চলচ্চিত্রটিতে ধোনির ভূমিকায় অভিনয় করছেন আরেক জনপ্রিয় বলিউড অভিনেতা সুশান্ত রাজপূত। শুধু ধোনিই নয়, বিরাট কোহলি, ইশান্ত শর্মা ও সুরেশ রায়নার চরিত্র থাকছে এ ছবিতে। ছবিটির শুটিং প্রায় শেষের পথে। শিগগিরই ছবিটি মুক্তি পাবে বলে প্রযোজনা সূত্র জানিয়েছে।

 

এমআইএস।