'মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে অস্ত্র ধরি'-বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক কালজয়ী এই গানটির রচয়িতা ও গীতিকার গোবিন্দ হালদার (৮৬) চলে গেলেন না ফেরার দেশে।
দীর্ঘ রোগভোগের পর আজ শনিবার ভারতীয় সময় সকাল সাড়ে ১০টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
এর আগে, গত শনিবার ফের অসুস্থ হয়ে কলকাতার মানিকতলার জিতেন্দ্র নাথ রায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন এই গীতিকার। গত ১৩ ডিসেম্বর কিডনির জটিলতা নিয়ে একই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ওই সময় তাঁর খোঁজ নেওয়ার পাশাপাশি চিকিৎসার খরচ বহন করার ঘোষণা দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।
পশ্চিমবঙ্গ সফরের সময় ২২ ডিসেম্বর রাতে গোবিন্দ হালদারকে দেখতে হাসপাতালে যান বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদ।
গত ৩১ ডিসেম্বর গোবিন্দ হালদারের স্ত্রীর হাতে চিকিৎসা খরচের অর্থ তুলে দেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশনার জকি আহাদ।
অবিভক্ত যশোর জেলার বনগ্রামে জন্মেছিলেন গোবিন্দ হালদার। একমাত্র মেয়ে, জামাতা, স্ত্রীসহ অনেক আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন তিনি।
একাত্তরে বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে ‘মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি’, ‘এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যাঁরা’, ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত লাল’, ‘পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা’ ইত্যাদি কালজয়ী গানের রচয়িতা ও গীতিকার গোবিন্দ হালদার।
কেবি





