আবার চলচ্চিত্রে গাইলেন জেমস। নগরবাউল ব্যান্ডের এই রকতারকা এবার বাপ্পা মজুমদারের সুর-সংগীতে একটি গানে কণ্ঠ দিয়েছেন। এটি তৈরি হয়েছে হাসিবুর রেজা কল্লোল পরিচালিত ‘সত্ত্বা’ ছবির জন্য।
‘আগুন জ্বেলেও ডুবলাম আমি/দিলাম তাতে ঝাঁপ/ তোমার আমার প্রেম ছিল পুরোটাই পাপ’- এমন কথার গানটি লিখেছেন সোহানী হোসেন। তিনিই ছবিটির কাহিনীকার।
গত ৩ আগস্ট রাতে গানটির রেকর্ডিং হয়েছে বলে জানান পরিচালক কল্লোল। তিনি জানান, পর্দায় গানটির সঙ্গে ঠোঁট মেলাবেন জেমস নিজেই। ‘সত্ত্বা’য় অভিনয় করবেন শাকিব খান, পাওলি দাম ও আহমেদ রুবেল। এ ছবির সব গানের সুর ও সংগীত পরিচালনা করছেন বাপ্পা মজুমদার।
এদিকে মাহফুজ আহমেদ, জয়া আহসান ও রুহি অভিনীত ‘জিরো ডিগ্রি’ ছবিতেও গান গেয়েছেন জেমস। কয়েকদিন আগে এর রেকর্ডিং হয়েছে। ‘ভালোবাসা ও ঘৃণা’ শিরোনামের গানটি লিখেছেন ছবিটির পরিচালক অনিমেষ আইচ। সুর ও সংগীত পরিচালনায় প্রিন্স মাহমুদ।
এছাড়া সাফিউদ্দিন সাফি পরিচালিত 'ওয়ার্নিং' নামের আরেকটি নতুন ছবির গান গেয়েছেন জেমস। 'এত কষ্ট কষ্ট লাগে এ অন্তরে' কথার গানটি লিখেছেন কবির বকুল, সুর ও সংগীত পরিচালনা করেছেন শওকত আলী ইমন।
চলচ্চিত্রে জেমসের গাওয়া প্রথম গান মান্না প্রযোজিত-অভিনীত ‘মনের সাথে যুদ্ধ’ ছবির ‘আসবার কালে আসলাম একা’। এর কথা লিখেছিলেন কবির বকুল, সুর ও সংগীত পরিচালনায় ইমন সাহা। এরপর তিনি ‘মাটির ঠিকানা’ ছবিতেও একটি গান গেয়েছিলেন।
ঢাকা, ৪ আগস্ট (টাইমনিউজবিডি.কম) // জেআই





