বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খান ও ঐশ্বরিয়া রাই বচ্চনকে একসঙ্গে পর্দায় হাজির করার উদ্যোগ নিয়েছেন পরিচালক করণ জোহর। মঙ্গলবার জি নিউজ এক খবরে জানিয়েছে, বহু বছর ধরে বলিউডে কাজ করছেন আমির ও ঐশ্বরিয়া। প্রায় প্রথম সারির সব তারকার সঙ্গে জুটি বাঁধলেও কখনই একসঙ্গে পর্দায় হাজির হননি তারা দু'জন।

আমির খানের 'মেলা মুভিতে ঐশ্বরিয়া ছোট্ট ভূমিকায় অভিনয় করলেও জুটি বাঁধেননি কখনই। এবার তাদেরকে একসঙ্গে অভিনয়ে আনার কাজটাই করতে যাচ্ছেন করণ জোহর। করণ তার পরবর্তী ৩টি মুভিতে অক্ষয়, সালমান ও আমিরকে পিক করেছেন। ব্রাদার্স মুভিতে অভিনয় করছেন অক্ষয়; আর শুদ্ধিতে সালমান। তবে আমিরের মুভির নাম এখনো ঠিক হয়নি।

শোনা যাচ্ছে, আমিরের বিপরীতে অভিনয়ের জন্য বচ্চন পরিবারের বধূ ঐশ্বরিয়াকে প্রস্তাবও দিয়েছেন করণ। এর আগে তাকে দোস্তানা মুভিতে অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন তিনি। কিন্তু তখন ঐশ্বরিয়ার বক্তব্য ছিল, মুভিটিতে অভিষেক থাকায় ববি দেওলের সঙ্গে তার জুটি মেনে নেবে না দর্শক।

সঞ্জয় গুপ্তার মুভি 'জাজবা' দিয়ে প্রায় ৪ বছর পর অভিনয়ে ফিরছেন ঐশ্বরিয়া। গত ১ নভেম্বর জন্মদিনে জানিয়েছিলেন যে, হাতে নাকি তার আরো বেশ কিছু মুভি রয়েছে। দেখা যাক, শেষ পর্যন্ত আমির ও ঐশ্বরিয়াকে একসঙ্গে পর্দায় আনতে পারেন কিনা করণ জোহর।

জেআই