ছোটবেলাতেই নাচ শেখা। একটু বড় হলে গান শেখাও শুরু করে মেয়েটা। নাচ-গানের সুবাদেই জড়িয়ে যায় সাংস্কৃতিক সংগঠনগুলোর সাথে। আর এভাবেই নাচগানের সুবাদে একদিন পা রাখেন ছোটপর্দার বিশাল জগতে। বলছিলাম রাখি চৌধুরীর কথা।
রাখির জন্ম বাগের হাটে। বাবা প্রতিরক্ষা বিভাগের কর্মকর্তা হওয়ায় ঘুরতে হয়েছে সারা বাংলাদেশ। নতুন জায়গা, নতুন মানুষ আর নতুন অভিজ্ঞতা। এভাবেই বেড়ে ওঠেছেন রাখি।
রাখির গান গাওয়া শুরু হয়েছিল ভাওয়াইয়া গেয়ে। বাবা ভাওয়াইয়া পছন্দ করতেন বলেই মেয়ে কণ্ঠে তুললেন ভাওয়াইয়া সুর।
২০০৮ সালে প্রথমবারের মতো যোগদেন থিয়েটারে। তখন থাকতেন পঞ্চগড়ে। এরপর ঢাকায় এসে ২০১১ সালে যোগদেন থিয়েটার আর্ট ইউনিটে। সংযুক্ত আছেন এখনো। এস এম সোলোয়মান এর আমিনা সুন্দরী, জহির রায়হান রচিত সময়ের প্রয়োজনে, রবীন্দ্রনাথের শেষের কবিতাসহ দলের ৬টি জনপ্রিয় নাটকে নিয়মিত অভিনয় করছেন রাখি।
পাশাপাশি ২০১০ সাল থেকে টেলিভিশন নাটকেও নিয়মিত অভিনয় শুরু করেন তিনি। শুরুটা হয়েছিল কলকাতার পরিচালক রাহুল সিনহার ডকুফিকশন-এ কাজ করে। শাজাহান সোহাগের প্লাস এ মাইনাসে মাইনাস নামের একটি ধারবাহিকে অভিনয় করার পর একের পর এক ধারবাহিক নাটকে কাজ করেন তিনি।
বর্তমানে জিটিভিতে প্রচারিত লোটা কম্বলের জনপ্রিয় চরিত্র জবা'র ভূমিকায় অভিনয় করছেন রাখি। মাছরাঙা টিভিতে প্রচারিত মোস্তফা মননের নারী ধারাবাহিকে অভিনয় করছেন। এটিএন বাংলায় প্রচারিত বদিউল আলমের খুন ও অত:পর, রাশেদ রাহার স্বীকৃতি, আলম আশরাফের ও আচ্ছা, আলমগীর হোসেন দুলালের ইন্টারনেটসহ বেশ কিছু ধারাবাহিকে কাজ করছেন তিনি।
ভিন্নধর্মী চলচ্চিত্রে অভিনয় করারও ইচ্ছে আছে রাখির। এ বিষয়ে রাখি বলেন, গতানুগতিক ছবির বাইরে ভিন্নধর্মী চলচ্চিত্রে অভিনয় করতে আমার কোন আপত্তি নেই।
সে লক্ষ্যে নিজেকে প্রস্তুতও করছেন রাখি।
বর্তমানে তিনি শিহাব শাহীনের ছুয়ে দিলে মন ছবির শুটিং করছেন।
এ বিষয়ে রাখি বলেন, আমাকে সুযোগ দেয়ার জন্য শিহাব শাহীন ও তার প্রধান সহকারি পরিচালক সাইদুর ইমনকে বিশেষ ধন্যবাদ জানাই। ছবিটির কস্টিউম ডিজাইন থেকে শুরু করে লোকেশনসহ সবকিছুই অসাধারণ। সিলেটের সৌন্দর্য্য শিহাব শাহীন যেভাবে তুলে ধরছেন তা এর আগে কেউ দেখিয়েছে বলে আমার জানা নেই। এই ছবিটি দেখলে বাংলাদেশের সৌন্দর্য নিয়ে মানুষের ধারণা পাল্টে যাবে।বিদেশ নয় দেশেও যে অনেক মনোরম পরিবেশে ভাল ছবি নির্মাণ করা যায়।
ঈদ উপলক্ষ্যে নির্মিত বেশ কিছু টেলিফিল্ম ও নাটকেও দেখা যাবে রাখিকে।
ইতিমধ্যে আর এফ এল হাতপাখা, আয়নাসহ বেশ কয়েকটি টিভিসিতে অভিনয় করেছেন রাখি
কণ্ঠশিল্পী রাফির গাওয়া প্রিয়তমা গানের মিউজিক ভিডিওতে কলকাতার শায়েব আলি খান-এর বিপরীতে পারফর্ম করেছেন রাখি। মিউজিক ভিডিওটি খুব শীঘ্রই প্রচারিত হবে।
ঢাকা, ১২ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই





