ফাহমিদা নবী ও সামিনা চৌধুরী। সঙ্গীতাঙ্গনের সফল দুই কণ্ঠতারকা। আগামী স্বাধীনতা দিবস উপলক্ষে একটি দেশাত্মবোধক গানে কণ্ঠ দিলেন তারা দুই বোন। গানটি হলো 'ধন ধান্য পুষ্পে ভরা, আমাদের এই বসুন্ধরা'।
দিজেন্দ্রলাল রায়ের দেশাত্মবোধক গানটিকে নতুন সঙ্গীতায়োজনে তৈরি করেছেন বাপ্পা মজুমদার। এই গানটিতে ফাহমিদা-সামিনা ছাড়াও কণ্ঠ দিয়েছেন ১১ জন শিল্পী ও একটি ব্যান্ড। এর মধ্যে রয়েছেন সাবিনা ইয়াসমিন, নকীব খান, পিলু খান, পার্থ বড়ুয়া, ফুয়াদ, চাঁদনী (অভিনেত্রী), এলিটা, জয়, পারভেজ, জোহাদ, কোনাল এবং ব্যান্ড শূন্য। এরই মধ্যে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। তানভীর খানের পরিচালনায় চলছে দেশজুড়ে গানটির মিউজিক ভিডিও নির্মাণ প্রক্রিয়া।
গান প্রসঙ্গে ফাহমিদা নবী ও সামিনা চৌধুরী একসঙ্গে বলেন, 'এই গানটি গেয়েই আমরা দু'বোন বেড়ে উঠেছি। গানের কথা ও সুর অনবদ্য। এই গানটিকে নতুন সঙ্গীতায়োজনে গাইতে পেরে সত্যি ভালো লাগছে। স্বাধীনতা দিবসে এটি আমাদের পক্ষ থেকে সবার জন্য উপহারস্বরূপ।'
বাপ্পা বলেন, 'অসম্ভব সুন্দর এই গানটিকে নতুন আবহে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ছোট্ট প্রয়াস এটি।'
২৬ মার্চ থেকে গানটি দেশের প্রতিটি টিভি চ্যানেলে প্রচার হওয়ার কথা রয়েছে।
ঢাকা, ১৭ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই